পুজোর চার দিন রাতেও জেগে থাকে তিলোত্তমা। শুধু কলকাতা বাসী নয়, এই চারটি দিন শহরতলি থেকেও ব্যাপক মানুষ ভিড় জমান কলকাতায়। উত্তর থেকে দক্ষিণ, সারারাত চলে দেদার ঠাকুর দেখা। তবে গভীর রাতে শহরতলির বাসিন্দারা বাড়ি ফিরতে সমস্যায় পড়েন। সময়ে বাস মেলে না। যদিও সরকারের তরফে রাতে বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বেসরকারি বাস মালিকদেরও সংগঠন রাতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি লিখেছে বেসরকারি বাস মালিকদের একটি সংগঠন।
আরও পড়ুন: বুধবার থেকে লিটার প্রতি ২ টাকা করে বাড়ছে দুধের প্যাকেটের দাম
পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, বাস মালিকদের একটি সংগঠন সাব আর্বান বাস সার্ভিসের তরফে পরিবহন দফতরে চিঠি দিয়ে জানানো হয়েছে, পুজোর ক’দিন ১ থেকে ৭ অক্টোবর রাতে তারা বাস চালাতে চায়। ওই দিনগুলোতে মোট ৫২ টি রুটে বাস চালানো হবে খবর। শুধু শহরের মধ্যে বা শহরতলি পর্যন্তই নয়। শহরের বাইরেও এই পরিষেবা চলবে বলে জানা গিয়েছে। এবং রাতে এই বিশেষ পরিষেবার জন্য বেশি ভাড়াও দিতে হবে না যাত্রীদের।




