Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
3 July 2026

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়, শনিবার থেকে বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শনিবার নাগাদ নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়, শনিবার থেকে বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগামী দিন তিনেকের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেশের পূর্ব উপকূলে, রাজ্যেও পড়তে পারে প্রভাব, জানাল আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বাড়ছে। শনিবার নাগাদ এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। রবিবার বা সোমবার নাগাদ তা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা প্রবল।
তবে ঘূর্ণিঝড়ে অভিমুখ কী হবে, তা ঠিক কোথায় আছড়ে পড়বে, সেটা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে যেতে পারে। পরে তা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমারের দিকে ঘুরে যাওয়ার আশঙ্কা থাকছে। তবে এখনই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছে না হাওয়া অফিস। শনিবারের পর চিত্রটা স্পষ্ট হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
এবার বৈশাখের শুরু থেকেই  ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি লেগে রয়েছে। এখন বঙ্গোপসাগর-আন্দামান সাগরের উপরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশই দক্ষিণ বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করবে। আগামী ১৬ মে, শনিবার তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অবস্থায় পৌঁছে যাবে। এরপর দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করতে পারে ঘূর্ণিঝড়। শক্তি বাড়িয়ে দক্ষিণ উপকূলের দিকে এগোবে।

এরপর রবিবার অথবা সোমবার ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে, উত্তর-পূর্বমুখী হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। এর ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মায়ানমারের উপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা থাকছে।

আরও পড়ুন: ডিসেম্বরের মাঝামাঝি সময়েও দেখা নেই শীতের, কবে হবে হাওয়া বদল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal