Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

পাহাড় ও ডুয়ার্সে হোম স্টে পরিষেবা উন্নতিতে জোর রাজ্যের, বাড়বে কর্মসংস্থান

পাহাড় ও ডুয়ার্সে হোম স্টে পরিষেবা উন্নতিতে জোর রাজ্যের, বাড়বে কর্মসংস্থান

উত্তরবঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হোম ট্যুরিজমকে পাখির চোখ করতে চলেছে রাজ্য সরকার। সেই লক্ষ্য পূরণে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হোম–স্টে’র সাফল্য তুলে ধরা হবে দেশ–বিদেশের শিল্পপতিদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাহাড় এবং ডুয়ার্সে হোম–স্টে’র প্রসার ঘটাতে এবং সেগুলির পরিকাঠামো উন্নয়নে এক গুচ্ছ পদক্ষেপ করতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর।

নবান্ন সূত্রের খবর, পাহাড়ি হোম–স্টেগুলিতে ঠিকঠাক পরিকাঠামো রয়েছে কি না এবং পর্যটকরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কি না, তার খোঁজখবর নিতে খুব শীঘ্রই সমীক্ষার কাজ শুরু হবে।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক–প্রস্তুতিতে গত শুক্রবার কলকাতার সৌজন্য অতিথিশালায় শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী জানান, বাংলার হোম–স্টে গোটা দেশে ‘রোল মডেল’ হয়ে উঠেছে। প্রচুর মানুষের কর্মসংস্থানও হয়েছে। সেখানে স্থানীয়রাই কাজ করছেন। পর্যটকদের কাছেও হোম–স্টেগুলি ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে।

আরও পড়ুন: পুরুলিয়া পৌঁছে যান আরও কম খরচে; ধর্মতলা থেকে নতুন বাস পরিষেবা চালু করেছে রাজ্য 

এই ব্যবস্থাকে সম্প্রসারিত করতে চাইছে সরকার। সে জন্যে বিশেষ পরিকল্পনা করাও হয়েছে। ঠিক হয়েছে, হোম–স্টেগুলিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সেগুলিকে আরও আধুনিক করা হবে। চালু হবে অনলাইন বুকিং সিস্টেম। হোম–স্টে’র কর্মীদের হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষণও দেওয়া হবে।
বিভিন্ন ট্যুর এজেন্সি এবং ট্যুর অপারেটরদের সঙ্গে হোম–স্টেগুলিকে যুক্ত করা হবে। সব মিলিয়ে হোম–স্টেগুলিকে হোটেলের বিকল্প হিসেবে গড়ে তোলা হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Travel