Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

কেন বাতিল তেজবাহাদুর যাদবের মনোনয়ন, ২৪ ঘন্টার মধ্যে জানাক কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের

পক্ষপাতের অভিযোগ তেজবাহাদুরের

কেন বাতিল তেজবাহাদুর যাদবের মনোনয়ন, ২৪ ঘন্টার মধ্যে জানাক কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রাক্তন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবের মনোনয়ন বাতিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া চাইল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতের নির্দেশ, ২৪ ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাতে হবে কমিশনকে।
সমাজবাদী পার্টির টিকিটে বারাণসী কেন্দ্র থেকে ভোটে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২০১৭ সালে বিএসএফ থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত হওয়া জওয়ান তেজবাহাদুর যাদব। নির্দল প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন আগেই, শেষ পর্যন্ত ২৯ শে এপ্রিল তাঁকে বারাণসী কেন্দ্র থেকে টিকিট দেয় সমাজবাদী পার্টি।
কিন্তু ১ লা মে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, সরকারের বিরুদ্ধে অভিযোগ করে চাকরি থেকে বরখাস্ত হওয়া কোনও ব্যক্তি ৫ বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। ২০১৭ সালে ব্যারাকে নিম্নমানের খাবার দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় তেজবাহাদুরের এই অভিযোগের পর তোলপাড় পড়ে যায় বাহিনীর অন্দরে। তারপরই শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএসএফ থেকে বরখাস্ত করা হয় তাঁকে। কিন্তু তেজবাহাদুর যাদব তাঁর মনোনয়নপত্রে ঠিক কী কারণে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, তা পরিষ্কারভাবে উল্লেখ করেননি বলে অভিযোগ কমিশনের।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তেজবাহাদুর। শীর্ষ আদালতে দেওয়া তাঁর হলফনামায় তিনি দাবি করেন, কোনও দুর্নীতির কারণে নয়, যে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হন, সেই প্রমাণ মনোনয়নপত্রের সঙ্গেই পেশ করেছিলেন তিনি। পাশাপাশি, তেজবাহাদুর যাদবের অভিযোগ, কমিশনের শো-কজ নোটিসের প্রেক্ষিতে তাঁর প্রতিক্রিয়া জানানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনকে প্রতিক্রিয়া জানাতে হবে।

আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত মনমোহন সিং, আপাতত ভালো রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation