আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। জগদ্ধাত্রী পুজো মিটলেই ধীরে ধীরে তাপমাত্রা কমবে। ফের একবার কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করবে। কয়েকদিনের মধ্যেই জেলায় জেলায় শীতের আমেজ বাড়বে। তবে আকাশে মেঘ না থাকায়, দিনের বেলা রোদের কারণে কিছুটা গরম অনুভূত হবে। ভোর এবং রাতের দিকে শীতের আমেজ ফিরবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কমবে। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের পশ্চিম প্রান্তের জেলাগুলোতে তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যেতে পারে। বাঁকুড়া এবং পুরুলিয়ায় ইতিমধ্যেই তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরা ফেরা করছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিনে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। দিন কয়েকের মধ্যেই তাপমাত্রা আরও কিছুটা কমবে।
আরও পড়ুন: দেউচা-পাঁচমি’র আরও ২৩৮ জমি দাতাকে চাকরি রাজ্যের; নিয়োগপত্র তুলে দিলেন ফিরহাদ হাকিম




