সিবিআই ডিরেক্টরকে চিঠি দিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, আগামী ৮ ই ফেব্রুয়ারি তিনি সিবিআই অফিসারদের সঙ্গে শিলংয়ে দেখা করতে পারেন। কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরই এদিন দুপুরে রাজীব কুমার সিবিআই ডিরেক্টরকে চিঠি দেন। তাতে তিনি জানান, আগামী ৮ তারিখ তিনি সময় দিতে পারেন সিবিআই আধিকারিকদের। কিংবা তার পরে অন্য কোনও দিন এই সাক্ষাতের ব্যবস্থা হতে পারে সিবিআই-এর সুবিধে মতো।
প্রসঙ্গত, এদিন সকালেই সুপ্রিম কোর্ট সিবিআই-এর আবেদনের ভিত্তিতে নির্দেশ দেয়, কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার করা যাবে না। কিন্তু তাঁকে সিবিআই-এর মুখোমুখি হতে হবে এবং দিল্লি বা কলকাতা নয়, তৃতীয় জায়গা হিসেবে মেঘালয়ের রাজধানী শিলংয়ের নামও ঠিক করে দেয় সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতেই এদিন সিবিআইকে চিঠি দেন রাজীব কুমার।
আরও পড়ুন: সাম্প্রদায়িক দল যেন মানুষের মাথা খেতে না পারে, সাগরমেলার প্রাক্কালে সকলকে সজাগ থাকার নির্দেশ মমতার




