মাঝে কয়েক দিন বৃষ্টি কম হয়েছে। সেই সঙ্গে অদ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে। তবে ফের একবার বৃষ্টির খবর দিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। যার জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজবে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে আগামী কয়েকদিন আবহাওয়ায় ব্যাপক রদবদল হবে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে এগোবে, যে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে।
সোম এবং মঙ্গলবার দু’দিনই হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, পশ্চিম মেদনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: পুজোর আগে যাত্রীদের জন্য সুখবর! কলকাতা-শিলিগুড়ি চালু হয়েছে এসি বাস পরিষেবা
সেই সঙ্গে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। টানা কয়েক দিন বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে।