যুবভারতী কাণ্ডে কড়া অবস্থান নিল নবান্ন। মেসির সফরের দিন যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে নবান্নের কাছে। চূড়ান্ত গাফিলতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি শোকজ করা হয়েছে সল্টলেকের সিপি মুকেশ এবং ক্রীড়া সচিব রাজেশ সিনহাকে। সাসপেন্ড করা হয়েছে সল্টলেকের ডিসি অনীশ সরকারকে।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। আপাতত ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশ মেনে তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন মুখ্যসচিব। এই সিট-এ রয়েছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডে, এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এবং বারাকপুর পুলিশের কমিশনার মুরলীধর। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান অরূপ বিশ্বাস।
যুবভারতী কাণ্ডে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর, ইস্তফা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



