দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বার্ধক্যে আর্থিক নিরাপত্তার চিন্তা অসংগঠিত ক্ষেত্রের কোটি কোটি শ্রমিকের নিত্যসঙ্গী। সেই চিন্তা কমাতেই কেন্দ্রের প্রকল্প PM Shram Yogi Maandhan Yojana, যেখানে মাসে মাত্র ৫৫ টাকা থেকে জমা শুরু করে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে নিশ্চিত ৩,০০০ টাকা পেনশন পাওয়া যায়।
কী এই প্রকল্প, কেন গুরুত্বপূর্ণ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের আওতায় ২০১৯ সালে চালু হয় এই পেনশন প্রকল্প। মূল লক্ষ্য- পথ-বিক্রেতা, গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, রিকশাচালক, কৃষি শ্রমিকের মতো অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের বার্ধক্যে নিয়মিত আয়ের নিশ্চয়তা দেওয়া।
এটি একটি স্বেচ্ছামূলক ও অংশীদারি প্রকল্প- অর্থাৎ গ্রাহক যত টাকা জমা দেন, সরকারও সমপরিমাণ টাকা ওই তহবিলে যোগ করে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত প্রকল্পে নাম লিখিয়েছেন প্রায় ৫২ লক্ষ ৫০ হাজার শ্রমিক।
আরও পড়ুন: কোনও ব্যাঙ্কেই লাগবে না সার্ভিস চার্জ! জানিয়ে দিল অর্থমন্ত্রক!
কারা আবেদন করতে পারবেন
প্রকল্পে যোগ দিতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে এবং মাসিক আয় হতে হবে ১৫,০০০ টাকা বা তার কম। আবেদনকারীকে অসংগঠিত ক্ষেত্রের কর্মী হতে হবে।
তবে কয়েকটি শর্তে আবেদন করা যাবে না। যাঁরা আয়করদাতা, কিংবা যাঁরা ইতিমধ্যে EPFO, ESIC বা NPS-এর আওতায় রয়েছেন, তাঁরা এই প্রকল্পের যোগ্য নন।
আরও পড়ুন: e-Shram কার্ড থাকলে কেন্দ্রের কোন কোন সুবিধা মেলে?
কত টাকা জমা, কত পেনশন
জমার অঙ্ক নির্ভর করে প্রকল্পে যোগ দেওয়ার সময় গ্রাহকের বয়সের উপর। ১৮ বছর বয়সে যোগ দিলে মাসে দিতে হয় ৫৫ টাকা, আর ৪০ বছরে যোগ দিলে তা বেড়ে দাঁড়ায় ২০০ টাকায়। গ্রাহকের সমান পরিমাণ টাকা সরকারও যোগ করে।
৬০ বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) জমা পড়ে নিশ্চিত ৩,০০০ টাকা পেনশন। গ্রাহকের মৃত্যু হলে তাঁর স্বামী বা স্ত্রী পরিবার-পেনশন হিসেবে ওই পেনশনের ৫০ শতাংশ, অর্থাৎ মাসে ১,৫০০ টাকা পাবেন।
মাঝপথে বেরিয়ে গেলে?
কেউ ৬০ বছরের আগে প্রকল্প থেকে বেরিয়ে যেতে চাইলে, অংশগ্রহণের মেয়াদ অনুযায়ী জমা দেওয়া টাকা সুদ-সহ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।
কীভাবে আবেদন করবেন
আবেদন করা যায় অনলাইনে প্রকল্পের নিজস্ব পোর্টালে, অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে। সঙ্গে রাখতে হবে আধার কার্ড এবং সেভিংস বা জন ধন অ্যাকাউন্টের তথ্য।
নথিভুক্তির পরে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্ক স্বয়ংক্রিয় ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়।
আরও পড়ুন: অটল পেনশন যোজনায় কত টাকা জমিয়ে কত পেনশন পাওয়া যায়?
অসংগঠিত ক্ষেত্রে দেশের প্রায় ৪২ কোটি শ্রমিকের জন্য এই প্রকল্প বার্ধক্যের একটি আর্থিক ভরসা হয়ে উঠতে পারে। নিজের যোগ্যতা ও আয়ের শর্ত মিলিয়ে দেখে আগ্রহীরা নির্দিষ্ট পোর্টাল বা সরকারি কেন্দ্রে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন।