প্রেস ক্লাবের জন্য রুবি হাসপাতালের কাছে সাড়ে ৩ কাঠা জমি এবং সাংবাদিকদের আবাসন করার জন্য রাজারহাটে ১০ কাঠা জমি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি সাংবাদিকদের আবাসনের জন্য ও প্রেস ক্লাবের জন্য জমি দেওয়ার কথা ঘোষণা করেন। মমতা বলেন, দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের দাবি ছিল প্রেস ক্লাবের জন্য একটা জমির। সেই দাবি মেনেই সরকারের পক্ষ থেকে জমি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এমন অনেক সাংবাদিক বন্ধু আছেন যাঁদের বসবাসের জায়গার অভাব, তাঁদের কথা ভেবে সরকারের তরফে এই জমি দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানান মমতা।
সেই সঙ্গে চিত্র সাংবাদিকদেরও প্রেস ক্লাবের সদস্য করার আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁরাও সমান ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করতে যান। তাই তাঁদেরকেও প্রেস ক্লাবের মেম্বার করার ব্যাপারে পদক্ষেপ করা দরকার।
এদিন সংবাদমাধ্যমের গুরুত্ব নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলনা টানেন বর্তমান টেকনোলজির যুগের সঙ্গে আগের সময়ের। তাঁর মতে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে খবর যাচাই না করে প্রকাশিত হয়, যেটা আগে হতো না। তিনি মনে করিয়ে দেন, গণতন্ত্র বাঁচাতে যেমন আইনসভার গুরুত্ব আছে, নির্বাচন কমিশন আছে, তাদের পরেই আসে সংবাদমাধ্যমের ভূমিকা।
আরও পড়ুন: গঙ্গায় ভাসতে ভাসতে জানুন কলকাতার ইতিহাস, মাত্র ৩৯ টাকা টিকিটে কলকাতায় চালু হচ্ছে ক্রুজ রাইড




