Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

সূর্যকান্তের ট্যুইটের পর ‘মধ্যমা’ ব্যবহার করে শতরূপ ঘোষের অশ্লীল ফেসবুক পোস্ট, বিড়ম্বনায় সিপিএম

কমেন্ট বক্সে প্রবল সমালোচনা

সূর্যকান্তের ট্যুইটের পর ‘মধ্যমা’ ব্যবহার করে শতরূপ ঘোষের অশ্লীল ফেসবুক পোস্ট, বিড়ম্বনায় সিপিএম

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরেজি উচ্চারণ নিয়ে ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন খোদ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এবার নিজের ফেসবুক পেজে অশ্লীল ছবি পোস্ট করে দলের এবং রাজ্য সম্পাদকের বিড়ম্বনায় নতুন মাত্রা যোগ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে জাতীয় দল থেকে বাদ দেওয়ার অভিযোগে কলকাতায় ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছিলেন তৎকালীন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। পাল্টা মিডল ফিঙ্গার (মধ্যমা) দেখিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন অজি কোচ। বিক্ষোভের মুখে পড়ে এভাবে মধ্যমা দেখানোর রেওয়াজ ভারতে নতুন। তারপর থেকে কখনও রাজনৈতিক নেতা আবার কখনও কোনও সেলেব্রিটি, বিপদে পড়লেই মধ্যমা দেখানোর পথে গিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ।
সোমবার, ৬ ই মে সকাল ১১ টা নাগাদ নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন ২০১৬ বিধানসভা নির্বাচনের সিপিএম প্রার্থী শতরূপ। তাতে দেখা যাচ্ছে, তর্জনিতে ভোটের কালি, তার উপর লেখা সিপিএমের নাম এবং উদ্যত মিডল ফিঙ্গারে লেখা বিজেপি-তৃণমূল। যার অর্থ, ভোট সিপিএমকে, বিজেপি-তৃণমূলকে মিডল ফিঙ্গার। শতরূপ ঘোষের এই পোস্টের পরই তাঁর এমন ইঙ্গিতের তীব্র সমালোচনায় মুখর হন নেটিজেনরা। তরুণ নেতার এই পোস্ট নিয়ে চরম বিড়ম্বনায় আলিমুদ্দিন স্ট্রিট।

আরও পড়ুন: ইসরোর প্রাক্তন বিজ্ঞানীকে অকারণ হেনস্থা করেছে কেরল পুলিশ, তীব্র সমালোচনা সুপ্রিম কোর্টের

উইকিপিডিয়া অনুযায়ী, পশ্চিমের দেশগুলিতে মধ্যমা দেখানোকে অশ্লীল ইঙ্গিত হিসেবে দেখা হয়। বিবিসি বলছে, মিডল ফিঙ্গার প্রদর্শন আসলে মানব সভ্যতার অন্যতম প্রাচীন অশ্লীল ইঙ্গিত। মধ্যমা উঁচিয়ে অপমান করার প্রথা চালু হল কোথা থেকে তা সঠিক জানা না গেলেও, মনে করা হয়, ১৪১৫ সালে অ্যাগিনকোর্টের যুদ্ধে প্রথমবার এই ভঙ্গিমা ব্যবহার করা হয়। গবেষকরা জানাচ্ছেন, ফরাসি সৈন্যদের প্রতি ব্রিটিশ সেনা এই ভঙ্গিমা ব্যবহার করেছিলেন। ফরাসি সৈন্যরা ব্রিটিশদের হুমকি দিয়েছিল, তাঁরা ব্রিটিশদের হাতের প্রথম দুটি আঙুল কেটে নেবেন, যাতে তাঁরা তির ছুঁড়তে না পারেন। কিন্তু বাস্তবে ফরাসিরা তা করতে পারেনি বলে দাবি ব্রিটিশদের। কথিত আছে, এই সময় ফরাসি সৈন্যদের লক্ষ্য করে মধ্যমা দেখিয়ে অপমান করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।
সম্প্রতিকালে কখনও ব্রিটনি স্পিয়ার্স, কখনও লুইস সুয়ারেজ, গ্রেগ চ্যাপেল কিংবা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, মধ্যমা উঁচিয়ে সমালোচনার মুখে পড়েছেন বারবার। শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয়েছে কৃতকর্মের জন্য। এবার একই কাজ করলেন সিপিএমের তরুণ নেতা। এই কাজ যে ভালোভাবে নিচ্ছেন না তাঁর ফ্রেন্ডলিস্টে থাকা লোকজন, ফেসবুক কমেন্ট দেখলেই তা পরিষ্কার হবে। সিংহভাগ কমেন্টেই তরুণ নেতার তীব্র সমালোচনা করা হয়েছে। কোথাও আবার অশ্লীল ইঙ্গিত ছেড়ে তৃণমূল-বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ঝাড়খণ্ড পুলিশের হাতে আটক অর্থনীতিবিদ জঁ দ্রেজ সহ ৩ সমাজকর্মী, পরে মুক্ত

সব মিলিয়ে তরুণ নেতার অর্থবহ পোস্টের তীব্র প্রতিক্রিয়ায় বিড়ম্বনায় পড়েছে আলিমুদ্দিন স্ট্রিট। বিশেষ করে নির্বাচন চলাকালীন এই ধরনের ফেসবুকে পোস্ট করে সিপিএম কি শহুরে মানুষের মধ্যে আরও একধাপ পিছিয়ে পড়ল, আলোচনায় আসছে তাও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice