দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: দেশজুড়ে আইআইটি (IIT) সহ শীর্ষস্থানীয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য JoSAA Cut-off 2026 এবং প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল প্রকাশিত হয়েছে। জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (JoSAA) ২০২৬ শিক্ষাবর্ষের কাউন্সেলিং প্রক্রিয়ার প্রথম পর্বের ওপেনিং এবং ক্লোজিং র্যাঙ্ক (OR-CR) প্রকাশ করেছে। প্রতি বছরের মতো এবারও আইআইটিগুলির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) শাখায় ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা দেখা গিয়েছে।
মেধার তালিকায় একেবারে প্রথম সারিতে থাকা পড়ুয়াদের প্রধান লক্ষ্যই ছিল আইআইটি বোম্বে এবং আইআইটি দিল্লির কম্পিউটার সায়েন্স। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলিতে সুযোগ পাওয়ার লড়াই এবারও কতটা কঠিন ছিল।
আইআইটি বোম্বেতে রেকর্ড কাট-অফ, শীর্ষে কম্পিউটার সায়েন্স
ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের অন্যতম প্রধান পছন্দ আইআইটি বোম্বে। এবারের প্রথম রাউন্ডে ওপেন জেন্ডার-নিউট্রাল ক্যাটাগরিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) শাখার সুযোগ বন্ধ হয়ে গিয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক (AIR) ৬৫-তে। অর্থাৎ মেধার তালিকায় প্রথম ৬৫ জনের মধ্যেই সিএসই-র আসন শেষ।
আইআইটি বোম্বের অন্যান্য জনপ্রিয় শাখার মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ শেষ হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ৪০০-তে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১,৮৫২ র্যাঙ্ক পর্যন্ত পড়ুয়ারা সুযোগ পেয়েছেন। এছাড়া অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ২,৫৯৩, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ২,৭৫০, ইকোনমিক্স ২,২৭০ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ৪,৩৭৬ অল ইন্ডিয়া র্যাঙ্ক পর্যন্ত প্রথম রাউন্ডে আসন বরাদ্দ করা হয়েছে।
তীব্র প্রতিযোগিতা আইআইটি দিল্লি ও আইআইটি মাদ্রাজেও
আরও পড়ুন: শতাব্দী প্রাচীন কলকাতার স্কটিশ চার্চ স্কুলে এবার ভর্তি হতে পারবে মেয়েরাও; যা জানাল কর্তৃপক্ষ
আইআইটি দিল্লি এবং আইআইটি মাদ্রাজের সিএসই শাখাতেও কাট-অফ অত্যন্ত উঁচুতে ছিল। আইআইটি দিল্লিতে প্রথম রাউন্ডে কম্পিউটার সায়েন্সের আসন শেষ হয়েছে ১২৩ অল ইন্ডিয়া র্যাঙ্কে। এই প্রতিষ্ঠানের অন্যান্য কোর্সের মধ্যে ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং ৩২০ র্যাঙ্ক এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫৯৩ র্যাঙ্কে বন্ধ হয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২,১৩১ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৪,৭৯৮ র্যাঙ্ক পর্যন্ত পড়ুয়ারা প্রথম দফায় জায়গা পেয়েছেন।
অন্যদিকে, আইআইটি মাদ্রাজে কম্পিউটার সায়েন্সের ক্লোজিং র্যাঙ্ক দাঁড়িয়েছে ১৪৯। এই প্রতিষ্ঠানের নতুন এবং অত্যন্ত জনপ্রিয় শাখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স-এর প্রথম রাউন্ডের সুযোগ বন্ধ হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ২২৬-এ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৭৪২, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ২,৪৪৫, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ৩,১২৫ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ৫,৯৭০ র্যাঙ্ক পর্যন্ত পড়ুয়ারা আসন পেয়েছেন।
কীভাবে দেখবেন সিট অ্যালটমেন্ট রেজাল্ট?
JoSAA-র প্রথম রাউন্ডের আসন বরাদ্দের ফল এবং কাট-অফ তালিকা অফিশিয়াল ওয়েবসাইটে সরাসরি দেখতে পাবেন পড়ুয়ারা। ফল ডাউনলোড করার প্রক্রিয়াটি নিচে দেওয়া হল।
- প্রথমে জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটির অফিশিয়াল ওয়েবসাইট josaa.nic.in-এ যেতে হবে।
- হোমপেজে দেওয়া “Seat Allotment Result Round 1” লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর নির্দিষ্ট বক্সে জেইই মেইন বা অ্যাডভান্সড অ্যাপ্লিকেশান নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।
- তথ্য জমা দেওয়ার পর স্ক্রিনে আসন বরাদ্দের চিঠি দেখতে পাবেন পড়ুয়ারা, যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখা জরুরি।
অনলাইন রিপোর্টিং ও পরবর্তী প্রক্রিয়া
আসন বরাদ্দ হওয়ার পর পড়ুয়াদের জন্য পরবর্তী প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম রাউন্ডে যারা আসন পেয়েছেন, তাদের ১৩ জুন থেকে ২৬ জুনের মধ্যে অনলাইন রিপোর্টিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট মাশুল জমা দেওয়া, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করা বাধ্যতামূলক।
অনলাইন রিপোর্টিংয়ের সময় পড়ুয়াদের সামনে তিনটি বিকল্প থাকবে – ‘ফ্রিজ’ (Freeze), ‘ফ্লোট’ (Float) এবং ‘স্লাইড’ (Slide)। যে পড়ুয়ারা বরাদ্দ আসনে সন্তুষ্ট এবং পরবর্তী রাউন্ডে অংশ নিতে চান না, তারা ‘ফ্রিজ’ বিকল্প বেছে নেবেন। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য আসন গ্রহণের ফি ৩০,০০০ টাকা এবং সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য এই ফি ১৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে বরাদ্দ আসনটি বাতিল বলে গণ্য হতে পারে।