Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
17 June 2026

বিজেপিতে যোগ দেওয়া হালিশহর পুরসভার প্রধান সহ ৮ কাউন্সিলার ফিরলেন তৃণমূলে, সন্ত্রাস করলে অর্জুনকে জেলে পোরার হুঁশিয়ারি ফিরহাদের

হালিশহর পুরসভা তাঁদের দখলেই থাকবে, দাবি ফিরহাদ হাকিমের

বিজেপিতে যোগ দেওয়া হালিশহর পুরসভার প্রধান সহ ৮ কাউন্সিলার ফিরলেন তৃণমূলে, সন্ত্রাস করলে অর্জুনকে জেলে পোরার হুঁশিয়ারি ফিরহাদের

দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার এক মাসের মধ্যে ফের তৃণমূলে ফিরলেন হালিশহর পুরসভার পুরপ্রধান সহ ৮ জন কাউন্সিলার। সন্ত্রাস করে ফের দল ভাঙাতে চাইলে অর্জুন সিংহের বাহিনীর জেলে জায়গা হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্রে তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী অর্জুন সিংহের কাছে হার, ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে পরাজয়, নৈহাটি, হালিশহর পুরসভায় বিজেপির দাপটে উত্তর ২৪ পরগনায় ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে হালিশহরের ৮ জন কাউন্সিলর মাসখানেক আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। বিজেপি দাবি করে, হালিশহর পুরসভার ২৩ জন কাউন্সিলারের মধ্যে ১৮ জনই বিজেপিতে যোগ দিয়েছেন। সেই দাবি উড়িয়ে তৃণমূল জানায়, হালিশহরের ৮ তৃণমূল কাউন্সিলারকে ভয় দেখিয়ে, জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায় সহ ৮ জন ফের তৃণমূলে ফিরে আসায়, পুরসভায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ থাকল বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বিজেপিতে চলে যাওয়া হালিশহরের পুরপ্রধান সহ ৮ জন কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে। এরপর সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম অভিযোগ করেন, খুনের ভয় দেখিয়ে, রোজগার বন্ধ করে, বাড়ি ভাঙচুরের ভয় দেখিয়ে বিজেপি নেতারা দলে টেনেছেন তৃণমূল কাউন্সিলারদের। তাঁরা নিজেদের ইচ্ছের বিরুদ্ধে দলত্যাগ করতে বাধ্য হয়েছেন। এঁদের মধ্যে ৮ জন কাউন্সিলার ফের তৃণমূলে ফিরে আসার ‘সাহস’ দেখানোর জন্য তাঁদের ধন্যবাদ জানান ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘ওঁদের গান পয়েন্টে রেখে বিজেপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।’
তৃণমূলত্যাগী বিজেপি সাংসদ অর্জুন সিংহ ও বিজেপি নেতা মুকুল রায়কে কটাক্ষ করে ফিরহাদ হাকিমের বলেন, অমিত শাহের কাছে নিজেদের পয়েন্ট বাড়াতে তৃণমূল নেতাদের জবরদস্তি করে বিজেপিতে টানছিলেন ‘মিস্টার রায় ও মিস্টার সিংহ’। ফিরহাদ হাকিমের কথায়, এখন উত্তর ২৪ পরগনার আইন-শৃঙ্খলা ঠিক আছে, আর ভয় নেই। ফের অশান্তি পাকানোর চেষ্টা করলে অর্জুন বাহিনীর জেলে জায়গা হবে বলে হুঁশিয়ারি দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন: হস্ত-কুটির শিল্পকে আর্থিক ভাবে চাঙ্গা করতে পূর্ব রেলের নয়া উদ্যোগ, TheBengalStory-র সঙ্গে কথা পূর্ব রেলের সিপিআরওর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal