বাংলায় এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সির জটিলতা দ্রুত সমাধান করতে প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ডের বিচারবিভাগীয় অফিসার নিয়োগ করতে হবে, মঙ্গলবার একথা জানাল সুপ্রিম কোর্ট।
এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি রিপোর্ট জমা পড়ে শীর্ষ আদালতে। রিপোর্ট পেশ করে তিনি জানান, এসআইআরের নথি যাচাই ও নিষ্পত্তির জন্য ইতিমধ্যে ২৫০ জন বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করার হয়েছে। তার পরেও গোটা কাজে ৮০ দিন পর্যন্ত লেগে যেতে পারে।
এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের পাশের দুই রাজ্যের বিচার বিভাগীয় অফিসার নিয়োগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্তত তিন বছরের অভিজ্ঞতা আছে, এমন বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করা যাবে বলেও জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তারিখ অপরিবর্তিত থাকছে বলে এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি।
পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির সমাধানের ভিত্তিতে কমিশনকে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হবে। ১৪ ফেব্রুয়ারির মধ্যে যে নথিগুলি ভোটার জমা দিয়েছিলেন সেগুলি গ্রাহ্য হবে।

Comments are closed.