জনসংযোগ যাত্রায় রয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রবিবার উত্তর দিনাজপুর পৌঁছেছেন তিনি। আগামী দুই দিন দুই দিনাজপুর ঘুরে ৩ মে মালদহ যাবেন । এদিকে নবান্ন সূত্রে খবর, ৩ মে মালদহ জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর যার জেরে অভিষেক ব্যানার্জির ‘জনসংযোগ’ যাত্রায়ও তৃণমূল সুপ্রিমোর অংশগ্রহনের সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: পার্থ-সুব্রতদের পর অভিষেক গেলেন সুদীপের বাড়ি, কাল দেখা করতে যাবেন সৌগত রায়ের বাড়ি
জানা গিয়েছে, ৩ মে মালদহ পৌঁছবেন মূখ্যমন্ত্রী। ৪ তারিখ জেলায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তাঁর কর্মসূচির এক ফাঁকেই ‘জনসংযোগ’ যাত্রায় অংশ নিয়ে তৃণমূল কর্মীদের উৎসাহিত করবেন। অভিষেক ব্যানার্জির কর্মসূচি ঘিরে এমনিতেই জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর আসার খবর প্রকাশ্যে আসতে তৃণমূল কর্মীরা বাড়তি উৎসাহিত। তবে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে একই মঞ্চে দেখা যাবে কিনা, সে নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।




