Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

ফেসবুক, ট্যুইটারে প্রোফাইল পিকচার পাল্টালেন মমতা, মনীষীদের ছবি ব্যবহার করে লিখলেন, ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’

সম্প্রতি জয় হিন্দ বাহিনী গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

ফেসবুক, ট্যুইটারে প্রোফাইল পিকচার পাল্টালেন মমতা, মনীষীদের ছবি ব্যবহার করে লিখলেন, ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’

ফের ফেসবুক পেজ এবং ট্যুইটার অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ১৫ ই মে বিজেপি সভাপতি অমিত শাহের কলকাতায় রোড শো ঘিরে বেনজির পরিস্থিতি তৈরি হয়, যার জেরে বিদ্যাসাগর কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা হয়। এই ঘটনার প্রতিবাদে নিজের ফেসবুক ও ট্যুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার পরিবর্তন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি লাগিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ছবির বদলে বিদ্যাসাগর সহ বাংলার একাধিক মনীষীর ছবির কোলাজ প্রোফাইল পিকচার করলেন মুখ্যমন্ত্রী। কোলাজে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, রাজা রামমোহন রায়, ক্ষুদিরাম বসু, ভগৎ সিংহ, মাতঙ্গিনী হাজরা, বিধানচন্দ্র রায় ও স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের মুখ। ছবির ওপরে লেখা ‘জয় হিন্দ’ এবং নীচের লেখা ‘জয় বাংলা’। মুখ্যমন্ত্রীর এবারের প্রোফাইল পিকচার পরিবর্তনের পেছনেও রয়েছে নির্দিষ্ট প্রেক্ষাপট।

বিজেপির ‘জয় শ্রীরাম’ ধ্বনির বিরোধিতা করে সম্প্রতি বিভিন্ন সভায় নেতাজির ‘জয় হিন্দ’ স্লোগান ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ভাটপাড়ায় তাঁর কনভয়ের সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ওই ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেফতার করা হলে, তীব্র বিতর্ক তৈরি হয়। বিজেপি প্রশ্ন তোলে, ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি কেন? মমতার পাল্টা যুক্তি, ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে তাঁর অসুবিধে নেই, কিন্তু ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক স্লোগান বানানোতেই তাঁর আপত্তি। এই প্রেক্ষিতেই রবিবার নিজের ফেসবুক ও ট্যুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ইংরজি, হিন্দি ও বাংলায় একটি দীর্ঘ পোস্টে মমতা লেখেন, ‘… আমরা কখনোই আরএসএস এর এই ধর্মীয় স্লোগানকে বলপূর্বক রাজনৈতিক স্লোগান এ পরিণত করাকে মানতে পারিনা। বাংলা কখনো এ মেনে নিতে পারেনি, পারবে না…।’ তৃণমূল নেত্রীর আহ্বান, বিজেপি সৃষ্ট বিদ্বেষের রাজনীতির বিরোধিতা করে সবাই যেন দেশ ও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রাখার চেষ্টায় এগিয়ে আসেন।
সম্প্রতি নৈহাটির ধরণা মঞ্চ থেকে মমতা ঘোষণা করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে প্রতিটি ব্লকে ছাত্র-যুবদের নিয়ে গঠিত হবে ‘জয় হিন্দ বাহিনী’। আর একইভাবে মহিলাদের নিয়ে গঠিত হবে ‘বঙ্গ জননী কমিটি’। এবার সোশ্যাল মিডিয়াতেও বিজেপির ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’ স্লোগান প্রচারে জোর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: আন্তর্জাতিক সমীক্ষায় দেশে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়, ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal