উত্তরবঙ্গে আগাম প্রবেশ করেছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি, তাই তীব্র হয়েছে দাবদাহ পরিস্থিতি। রাজ্যে কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েক দিন ধরে। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের শিক্ষা দপ্তর। গরমের জন্য আগামী দু’দিন, ১৩ ও ১৪ জুন রাজ্যে পার্বত্য এলাকা বাদে সর্বত্র বন্ধ থাকবে সরকারি স্কুল।
বৃহস্পতিবার একথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গরমের ছুটির পর গত ২ জুন রাজ্যের সরকারি স্কুল খুলেছিল। কিন্তু গরমের তীব্রতায় বহু স্কুলেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে বলে খবর এসেছে শিক্ষা দপ্তরের কাছে।
এর জেরে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, আগামী দু’দিন রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি থাকবে। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, রাজ্যের পার্বত্য জেলাগুলি বাদে সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে চলতি সপ্তাহের শুক্র ও শনিবার ছুটি থাকবে।


