Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

মহালয়ার আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

মহালয়ার আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

মহালয়ার আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। সূত্রের খবর, ২২ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার খুলে যাবে এই ব্রিজ। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে প্রথমেই এই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল করবে না। প্রথমে চলবে ছোট গাড়ি। এরপর ধীরে ধীরে বড় গাড়ি চলবে ব্রিজ দিয়ে।

পূর্ত দফতর, পুর নগরোন্নয়ন দফতর, কলকাতা পুলিশ বৈঠক করে ব্রিজ উদ্বোধন নিয়ে। এরপর ঠিক হয় ২২ তারিখ উদ্বোধন হতে চলেছে টালা ব্রিজ। তবে পুজোর পর পূর্ত দফতর এই ব্রিজ দিয়ে কত ভারী যান চলাচল করবে, সেই নিয়ে রিপোর্ট দেবে। ব্রিজের ভারবহন ক্ষমতা আলাদাভাবে পরীক্ষা করবে পূর্ত দফতর। আপাতত হালকা যান চলাচল করবে বলেই জানা গিয়েছে।

পুজোর আগেই টালা ব্রিজ চালু করার বিষয়ে পূর্ত মন্ত্রী পুলক রায় বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এই ব্রিজ চালু হলে পুজোর আগেই উত্তর কলকাতার সঙ্গে সোদপুর, ব্যারাকপুর সহ বেশকিছু এলাকার যোগাযোগ আরও মসৃণ হবে। খুশি উত্তর কলকাতার পুজো কমিটিগুলো। এই ব্রিজ ধরে উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলি দেখতে আসতে পারবেন দর্শনার্থীরা।

আরও পড়ুন: নন্দীগ্রাম, নেতাই কারও ব্যক্তিগত মালিকানা নয়, নাম না করে শুভেন্দুকে কটাক্ষ পার্থর

২০২০ সালে জানুয়ারি মাসে বন্ধ করে দেওয়া হয় উত্তর কলকাতার টালা ব্রিজ। দুর্বল হয়ে পড়ার ফলে ১০৯ বছরের এই ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে ব্রিজ ভাঙার কাজ শুরু হয়। অবশেষে ২ বছর পর নতুন রূপে পথ চলা শুরু হচ্ছে টালা ব্রিজের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal