১৩ নভেম্বর শেষ হল সাতদিন ব্যাপী ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
বৃহস্পতিবার বিকেলে চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জানান, আমার আসার কথা ছিল না। আমি সারপ্রাইজ ভিজিটে এসেছি।
পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে বিশ্ব বাণিজ্য সম্মেলনে চলচ্চিত্র শিল্পকেও যুক্ত করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বিশ্ব বাণিজ্য সম্মেলনে এবার থেকে যুক্ত করা হবে। পরের বছর আরও বড় করে উৎসব হবে। দেশি-বিদেশি অতিথি তথা জুরি সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাঁদের এ রাজ্যে সিনেমা তৈরির আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
ডেভিড বিম পরিচালিত কিউবার ছবি ‘টু দ্য ওয়েস্ট ইন জাপাটা’ পেয়েছে সেরা ছবির পুরস্কার। শ্রীলঙ্কার পরিচালক ললিত রাত্নায়েকে পেলেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। বিশেষ জুরি পুরস্কার পেল ক্রোয়েশিয়ার ছবি ‘বিউটিফুল ইভনিং, বিউটিফুল ডে’। জীবনকৃতি সম্মান পেলেন পরিচালক গৌতম ঘোষ।
আরও পড়ুন: ২২ তারিখেই হবে পুরভোট, নির্বাচন পদ্ধতি নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকল কমিশন