সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে আরএসএস-যোগ নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে মুম্বইয়ের আদালতে নিজেদের নির্দোষ বলে দাবি করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আদালত দু’জনেরই জামিন মঞ্জুর করেছে এবং জানিয়েছে, এই মামলায় আর তাদের হাজিরার প্রয়োজন নেই। মামলার পরবর্তী শুনানি ২১ শে সেপ্টেম্বর।
আরএসএস কর্মী পেশায় আইনজীবী ধৃতিমান জোশি অভিযোগ করেছিলেন, সংসদের বাইরে দাঁড়িয়ে এক সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী গৌরি লঙ্কেশের খুনের সঙ্গে আরএসএসের যোগ টানেন। আরএসএস কর্মী ধৃতিমান জোশি আদালতে অভিযোগ করেন, যাঁরা বিজেপি ও আরএসএসের মতাদর্শের বিরোধিতা করেন, তাদেরই প্রবল চাপের মুখে পড়তে হয়। কখনও তাদের উপর হামলা হয় আবার কখনও খুনের ঘটনা ঘটে, এই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। আরএসএস কর্মীর অভিযোগ, সীতারাম ইয়েচুরিও গৌরি লঙ্কেশ খুনে আরএসএসের মতাদর্শ এবং তাদের লোকজন থাকার কথা বলেছিলেন। ২০১৭ সালে মুম্বইয়ের বাইকুল্লা থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের হয়। তারপর পুলিশ মানহানির মামলা রুজু করে। সেই মামলাতেই বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী এবং সীতারাম ইয়েচুরি। আদালতে তারা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। আদালত জামিন মঞ্জুর করে। রাহুল গান্ধীর বন্ড হিসেবে ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ একনাথ গায়কোয়াড় এবং সীতারাম ইয়েচুরির বন্ড হিসেবে ছিলেন স্থানীয় সিপিএম কর্মী শান্তারাম মানকুমারে।
আদালত থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, এটা মতাদর্শের লড়াই, পিছু হঠার প্রশ্ন নেই।
আরও পড়ুন: টাইমস অফ ইন্ডিয়াতে ব্যাপক ছাঁটাই, বাংলার পর এবার কেরলে কাজ হারালেন ১৩ জন, বন্ধ হচ্ছে ৩ টি এডিশন