Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

বিজেপিকে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, মুকুল রায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে তৃণমূল

সংসদীয় জ্ঞানের অভাবেই এমন মন্তব্য, মুকুলকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, মুকুল রায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে তৃণমূল

কেন্দ্রের ইএসআইসি বোর্ডে দোলা সেনের জয় নিশ্চিত করতে বিজেপির সমর্থন চেয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলত্যাগী বিজেপি নেতা মুকুল রায়ের এই বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে তৃণমূল। আগামী সপ্তাহে রাজ্যসভায় এই বিষয়টি উত্থাপন করা হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইএসআইসি বোর্ডে সম্প্রতি নির্বাচন হয় এবং তাতে জয়লাভ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। দোলা সেনের জয় নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় বলেন, দোলাকে জেতাতে কংগ্রেস, সিপিএমের পাশাপাশি বিজেপিরও সমর্থন চেয়েছিল তৃণমূল। মুকুলের দাবি, এই সমর্থন চেয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যের স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে।
কিছুক্ষণের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেস। মুকুলের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল। এরপরেই বিজেপি নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনার কথা জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এই প্রসঙ্গে মুকুল রায়কে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, সংসদ ও সংসদীয় কার্যপ্রণালী নিয়ে তাঁর অজ্ঞতার ফলেই এমন মন্তব্য করেছেন মুকুল রায়। সুখেন্দু শেখর রায় জানান, ইএসআইসি বোর্ডের ভোট কোনও দলীয় প্রতীক ছাড়া গোপন ব্যালটে হয়। এমনকী এই নির্বাচনে কোনও দল হুইপ জারিও করতে পারে না। তার পরেও ইএসআইসি বোর্ডে দোলা সেনের জয়লাভ নিয়ে মুকুল রায়ের এই মন্তব্য হাস্যকর বলে জানান তিনি। তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করায় মুকুল রায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হচ্ছে।

আরও পড়ুন: শেষ ৩ মাসে গাড়ি শিল্পে কাজ হারিয়েছেন ২ লক্ষ কর্মী, ক্রমেই জটিল হচ্ছে দেশে গাড়ি শিল্পের পরিস্থিতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation