দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: আলিপুর আদালত চত্বর সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল কার্যালয়ে আগুন। বুধবার, ১০ জুন সকাল ১০টা নাগাদ ভবন থেকে গাঢ় কালো ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা দমকলকে খবর দেন। ভবনের চারতলা থেকে আগুনের সূত্রপাত – অল্প সময়ের মধ্যেই তা পাঁচ ও ছ-তলায় ছড়িয়ে পড়ে। ছাদের একাংশ ভেঙে পড়েছে বলেও খবর। দুপুর পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
১০টি ইঞ্জিন, কঠিন পরিস্থিতিতে উদ্ধারকার্য
দমকল সূত্রের খবর, ঘটনাস্থলে দ্রুতই অন্তত ১০টি ইঞ্জিন পৌঁছয়। বহুতল ঘিরে গাছপালা এবং সরু গলির কারণে মই বসাতে গিয়ে প্রাথমিক সমস্যায় পড়েন দমকলকর্মীরা। উদ্ধারকার্যে দু’জনকে নামানো গিয়েছে; এক জন দড়ি বেয়ে নিজেই নেমে এসেছেন বলে দমকল আধিকারিকরা জানিয়েছেন। আরও কয়েক জন কর্মী ভবনের ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা – অবশ্য এ পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সাবধানতার অংশ হিসেবে গোটা ভবনের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।
সকাল ১০টা ৩০-এর পর কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি
ঘটনার সময়েই সরকারি কর্মীরা অফিসে আসতে শুরু করেছিলেন। সকাল ১০টা ৩০-এর মধ্যেই অধিকাংশ পৌঁছে গেলেও দমকলের কাজ চলায় তাঁদের ভবনে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে ভিড় বাড়তে থাকায় পুলিশ চত্বর ঘিরে রেখেছে।
আরও পড়ুন: ফেক নিউজ পোস্ট করে উত্তেজনা ছড়ানোর অভিযোগে শুভেন্দু, অগ্নিমিত্রা, কৈলাসের বিরুদ্ধে FIR
আগুন কীভাবে লাগল
প্রাথমিক ভাবে দমকল আধিকারিকরা মনে করছেন, ভবনের কোনও একটি এসি ইউনিটে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কারণ চূড়ান্তভাবে জানা যাবে দমকলের তদন্ত শেষ হলে। এর আগে, মঙ্গলবার রাতেও ভবনের তৃতীয় তলায় ছোট মাপের আগুন লেগেছিল বলে সংবাদসংস্থা ANI-কে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন; সেই সময় দ্রুত আগুন আয়ত্তে এসেছিল। বুধবার সকালের ঘটনায় সেই আগুন আবার বেড়েছে, না কি এটি পৃথক ঘটনা – তা নিয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
প্রশাসনিক গুরুত্ব এবং পার্শ্ববর্তী ভবনের ঝুঁকি
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের এই ভবনে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতর এবং প্রশাসনিক নথিপত্র রাখা থাকে। আশপাশে আরও বেশ কয়েকটি সরকারি ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। দমকল সূত্রে দাবি, পার্শ্ববর্তী ভবনগুলিতে আগুন যাতে না ছড়ায়, সে দিকে আলাদা ভাবে নজর দেওয়া হচ্ছে।
ভবনটিতেই ছিল ফলতার গ্রেফতার হওয়া তৃণমূল নেতা জাহাঙ্গির খানের অফিস বলেও খবর। প্রশাসনিক নথি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মূল্যায়ন করা যাবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর। আলিপুর এলাকার ব্যস্ততম প্রশাসনিক অঞ্চলে এই অগ্নিকাণ্ড ঘিরে কাজ চলাকালীন একাধিক অফিস কর্মকাণ্ডে ব্যাঘাত পড়েছে।
আরও পড়ুন: WB Election 2021 Result LIVE: অভিনন্দন মমতা দিদি! মোদী জানালেন দিদিকে
ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এবং আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে দমকল ও জেলা প্রশাসন পৃথক ভাবে তদন্ত করছে বলে জানানো হয়েছে। আরও আপডেট আসা মাত্রই জানানো হবে।