দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: অন্নপূর্ণা ভান্ডার যোজনায় অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন পোর্টাল চালু করেছে। socialregistry.wb.gov.in ওয়েবসাইটে এখন থেকে সরাসরি আবেদন করা সম্ভব। ৩ জুন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার দিনই প্রায় ২৯ লক্ষ মহিলার আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েছে।
নতুন পোর্টালে কীভাবে আবেদন করবেন?
socialsecurity.wb.gov.in-এর পাশাপাশি এবার socialregistry.wb.gov.in অ্যাড্রেসে নতুন পোর্টাল চালু হয়েছে, যেখান থেকেও অনলাইনে আবেদন করা যাবে। পোর্টালে ঢুকলে দুটি বিভাগ দেখা যাচ্ছে: প্রথমটি নাগরিক বা পরিবারের লগইন, এবং দ্বিতীয়টি সরকারি আধিকারিকদের লগইন।
নতুন আবেদনকারীদের “Citizen/Family Login” সেকশনে গিয়ে নীচের “Access Citizen Portal” বিকল্পে ক্লিক করতে হবে। এরপর নিজের জেলা বেছে নিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে “Request OTP” অপশনে ক্লিক করতে হবে। OTP যাচাইয়ের পর আবেদনপত্র পূরণ করা যাবে এবং প্রয়োজনীয় নথি স্ক্যান করে পোর্টালে জমা দেওয়ার সুবিধাও রয়েছে।
আরও পড়ুন: ৭ দিনের সফরে দার্জিলিঙে রাজ্যপাল, পথে দু’জায়গায় কালো পতাকা
বাড়িতে বসেই সহায়তা পাবেন
যাঁরা বাইরে বেরিয়ে আবেদন করতে পারবেন না বা অনলাইনে সুবিধা নেই, তাঁদের বাড়িতে গিয়ে ফর্ম পূরণে সাহায্য করার দায়িত্ব সরকার নিয়েছে। মহিলা ও শিশু উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, আগামী তিন মাস ধরে ফর্ম পূরণ ও যাচাইকরণ প্রক্রিয়া চলবে। BDO-র নেতৃত্বে দল এবং বিধায়করা সরাসরি আবেদনকারীদের সহায়তায় মাঠে থাকবেন।
আবেদনের শেষ তারিখ ও বর্তমান অবস্থা
অফলাইন ও অনলাইন উভয় পদ্ধতিতে আবেদনের সময়সীমা ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত। সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি সাত দিন অন্তর সুবিধাভোগীদের তালিকা হালনাগাদ হবে। চূড়ান্তভাবে রাজ্যের প্রায় ২ কোটি মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলে সরকার জানিয়েছে।
অফলাইন আবেদনের জন্য নিকটবর্তী পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করা যাবে। যেকোনো সমস্যায় রাজ্যের টোল ফ্রি হেল্পলাইন 1800-345-5505 নম্বরে ফোন করা যাবে।
আরও পড়ুন: ক্ষোভ এবং সরকারি হস্তক্ষেপে পিছু হঠল সিইএসসি, শুধু জুনের বিল জমা করলেই চলবে, কলকাতার জয় বললেন অভিষেক