Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

Indian Railways: দূরপাল্লার ট্রেনে বাতিল প্যান্ট্রি কার, এবার আসছে ১৬০ কিমি গতির ‘হট বুফে’ কোচ

Indian Railways: দূরপাল্লার ট্রেনে বাতিল প্যান্ট্রি কার, এবার আসছে ১৬০ কিমি গতির ‘হট বুফে’ কোচ

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: ট্রেন যাত্রাকে আরও আরামদায়ক এবং আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। এবার থেকে দূরপাল্লার ট্রেনে আর প্রথাগত প্যান্ট্রি কার থাকছে না। এর বদলে ধাপে ধাপে আনা হচ্ছে অত্যাধুনিক ‘হট বুফে’ (Hot Buffet) কোচ। ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে সক্ষম এই কোচগুলিতে যাত্রীদের জন্য উন্নত মানের গরম খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে।

কী বিশেষত্ব থাকছে এই নতুন কোচে? নতুন এলএইচবি ইওজি (LHB EOG) হট বুফে কোচগুলি ফিয়াট বগির উপর তৈরি করা হয়েছে। এগুলির সর্বোচ্চ অ্যাক্সেল লোড ১৬০ কিলো নিউটন, যার ফলে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করেই এগুলিকে ডিজাইন করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ট্রেনে ব্যবহৃত প্যান্ট্রি কারের তুলনায় এই কোচে খাবার সংরক্ষণ, গরম রাখা এবং পরিবেশনের ব্যবস্থা অনেক বেশি উন্নত। দূরপাল্লার যাত্রীদের স্বাস্থ্যকর এবং উন্নত মানের গরম খাবার দেওয়াই এর মূল লক্ষ্য। এটি কোনও যাত্রীবাহী কোচ নয়, মূলত খাবার প্রস্তুতি এবং পরিবেশনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে কোন কোন ট্রেনে মিলবে সুবিধা? রেলের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে বন্দে ভারত এক্সপ্রেস এবং দেশের অন্যান্য প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনে এই হট বুফে কোচ যুক্ত করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য রুটেও এই পরিষেবা সম্প্রসারণ করা হবে। এর ফলে যাত্রীদের জন্য খাবারের বৈচিত্র্য বাড়বে এবং পরিষেবা অনেক বেশি দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। তবে ঠিক কোন রুটে প্রথম এই কোচ চালু হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: নীরব মোদী ও বোন পূরবী মোদীর স্যুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা ২৮৩ কোটি, অ্যাটাচ করার আবেদন ইডির

পরিকাঠামো উন্নয়নে ৪৪৮ কোটির বিনিয়োগ শুধু উন্নত কোচ আনলেই হবে না, ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ট্রেন চালাতে হলে রেলের পরিকাঠামোতেও ব্যাপক উন্নতির প্রয়োজন। রেললাইনের জ্যামিতি ও কাঠামোগত মান উন্নত করার পাশাপাশি সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। কোচে অতিরিক্ত নিরাপত্তার জন্য মেটালিক সেফটি স্লিং ব্যবহার করা হবে। উচ্চগতির পরিষেবার জন্য ইতিমধ্যেই দক্ষিণ ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে প্রায় ৪৪৮ কোটি টাকা বিনিয়োগ করছে ভারতীয় রেল। রেলের আধুনিকীকরণের এই বৃহত্তর পরিকল্পনা সফল হলে প্রিমিয়াম ট্রেনগুলির সামগ্রিক যাত্রার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে।

ভারতীয় রেলের এই নতুন সংযোজন যাত্রীদের কাছে কতটা জনপ্রিয় হয় এবং কবে থেকে পুরোদমে এই পরিষেবা চালু হয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন: জম্মু কাশ্মীরে খুন বিজেপির রাজ্য সম্পাদক এবং তাঁর ভাই, সতর্ক করা হল সেনাকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation