Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

লোকসভা রেজাল্টের জের, মধ্য প্রদেশে কি পতনের মুখে কংগ্রেস সরকার? নয়া মুখ্যমন্ত্রী কি কৈলাস বিজয়বর্গীয়, জল্পনা

মধ্য প্রদেশে আস্থা ভোট চাইল বিজেপি

লোকসভা রেজাল্টের জের, মধ্য প্রদেশে কি পতনের মুখে কংগ্রেস সরকার? নয়া মুখ্যমন্ত্রী কি কৈলাস বিজয়বর্গীয়, জল্পনা

মাত্র ছয় মাস আগে তৈরি হওয়া মধ্য প্রদেশে কংগ্রেস সরকার কি পড়ার মুখে? নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়? এমনই প্রশ্ন উঠতে শুরু করে লোকসভা ভোটের এক্সিট পোল বের হওয়ার পর, বৃহস্পতিবার ফল প্রকাশের পর তা আরও জোরালো হল। দেশে ফের একবার মোদী ঝড় ওঠায় এক কথায় বলা যেতে পারে, ঘোর সঙ্কটে পড়ে গেল মধ্য প্রদেশে কমলনাথের কংগ্রেস সরকার।
বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পরই গত ২০ শে মে মধ্য প্রদেশের বিজেপি নেতা গোপাল ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রাজ্যপালের কাছে আস্থা ভোটের জন্য তাঁরা লিখিত আবেদন করছেন। কৈলাশ বিজয়বর্গীয় মন্তব্য করেছিলেন, লোকসভা ভোটের ফল ঘোষণার পর কমলনাথ আর মুখ্যমন্ত্রীর পদে থাকবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। বৃহস্পতিবার লোকসভা ভোট গণনায় মধ্য প্রদেশের ২৯ টি কেন্দ্রের ২৮ টি আসনেই বিজেপি এগিয়ে থাকার ফলে কংগ্রেসের সরকার পড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মধ্য প্রদেশে গত বছর ডিসেম্বর মাসের বিধানসভা নির্বাচনে ২৩০ টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ১১৪ টি সিট, বিজেপি ১০৯ টি। বহুজন সমাজ পার্টির ২ টি, সমাজবাদী পার্টির একটি ও নির্দলের ৪ টি আসনের সমর্থনে সরকার গড়েছিলেন কমলনাথ। কিন্তু ছয় মাসের মধ্যে কংগ্রেসের সরকার পড়ার ইঙ্গিত জোরালো হয়েছে লোকসভা ভোটে বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর।
আগেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল, ১৩ জন কংগ্রেস বিধায়ক গোপনে যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে, লোকসভা ভোটের ফল বেরনোর অপেক্ষায় রয়েছেন তাঁরা। দিন কয়েক আগেই বিএসপি নেত্রী মায়াবতী একটি ট্যুইটে জানিয়েছিলেন, কমলনাথ সরকারকে দ্বিতীয়বারের জন্য সমর্থনের প্রশ্ন উঠলে, তিনি ভেবে দেখবেন।
অন্যদিকে, এই প্রেক্ষিতে ঘোড়া কেনাবেচার অভিযোগ করে বিজেপিকে নিশানা করেছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তবে তিনি এও জানিয়েছিলেন, আস্থা ভোটে তাঁরা নিজেদের শক্তি পরীক্ষা দিতে প্রস্তুত। কিন্তু লোকসভা ভোটের ফলাফল যেদিকে যাচ্ছে তাতে কমলনাথের সরকারের পক্ষে খুব একটা সুখকর হবে না বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় বিজেপি বিধায়ক সহ ৫ জনের মৃত্যু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation