Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

বাংলা থেকে কি ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্যের কে কে জায়গা পেতে পারেন মোদীর মন্ত্রিসভায়, জল্পনা তুঙ্গে

এখন থেকে বিধানসভা ভোটের দিকে নজর বিজেপি নেতৃত্বের

বাংলা থেকে কি ৫ জন কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্যের কে কে জায়গা পেতে পারেন মোদীর মন্ত্রিসভায়, জল্পনা তুঙ্গে

বাংলায় বিজেপির অভূতপূর্ব সাফল্যের পর, এ রাজ্য থেকে ঠিক কত জন কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য বিজেপির অন্দরে।
গত লোকসভা ভোটে সাকুল্যে দু’জন বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন এ রাজ্য থেকে। বাংলাকে গুরুত্ব দিয়ে আসানসোল কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয়কে কেন্দ্রে মন্ত্রী করেছিলেন নরেন্দ্র মোদী। পরে দার্জিলিঙ কেন্দ্র থেকে বিজয়ী প্রার্থী এস এস আলুওয়ালিয়াও মন্ত্রী হন।
২০১৪ সালের ২ টি আসন থেকে বেড়ে ২০১৯ লোকসভায় রাজ্যে ১৮ টি আসন দখল করেছে বিজেপি। এখন এই অভূতপূর্ব সাফল্যের মধ্যে প্রশ্ন উঠছে, এ রাজ্যের কতজন সাংসদকে কেন্দ্রে মন্ত্রী করা হবে?
পশ্চিমবঙ্গকে যে আলাদা গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি তা বলার অপেক্ষা রাখে না। নজিরবিহীনভাবে এই প্রথম পালা করে প্রধানমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতারা জনসভা করেছেন বাংলায়। লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করার ডাক দিয়েছেন। এমনকী বারাণসী বা দিল্লির জনসভা থেকেও মমতার বিরোধিতায় মুখ খুলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ফলও মিলেছে এ রাজ্য থেকে। এই প্রথমবার বাংলা থেকে এত আসন পেয়েছে পদ্ম শিবির। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে বিশাল সাফল্য পেয়েছে বিজেপি। সেই সাফল্যের ‘পুরস্কার’ হিসেবে একাধিক বিজয়ী প্রার্থী মন্ত্রী হতে পারেন বলে সূত্রের খবর। কিন্তু ঠিক কতজন বিজয়ী প্রার্থী মোদী সরকারের ক্যাবিনেটে জায়গা করতে পারেন?
দ্বিতীয়বার আসানসোল কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নেওয়ার পর মোদী ঘনিষ্ঠ বাবুল সুপ্রিয়র পূর্ণমন্ত্রী হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, মেদিনীপুরের মতো কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয় পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁরও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো। আলুওয়ালিয়াও টানা দু’বার জয় পেলেন বাংলা থেকে। তিনি ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জল্পনা। এবার উত্তরবঙ্গে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। সেই কারণে উত্তরবঙ্গ থেকে একাধিক মন্ত্রী হতে পারেন কেন্দ্রে। দার্জিলিঙ কেন্দ্র থেকে জয়ী হওয়া রাজু বিস্তা, জলপাইগুড়ির জয়ন্তকুমার রায় বা আলিপুরদুয়ারের জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। এ ছাড়া বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারও রয়েছেন মন্ত্রিত্বের দৌড়ে। শান্তনু ঠাকুরের নাম নিয়েও আলোচনা চলছে।
পশ্চিমবঙ্গ থেকে একাধিক বিজেপি সাংসদের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এ রাজ্য থেকে পাঁচ জন এবার কেন্দ্রে মন্ত্রী হতে পারেন। শনিবারই বিজেপির উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে রাজ্যের বিজয়ী বিজেপি প্রার্থীরা দিল্লিতে যাচ্ছেন।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে দু’সপ্তাহের জন্য বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন; জানুন বিস্তারিত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal