বিমানবন্দর বেসরকারিকরণের পথে আরও একধাপ মোদী সরকার। জুলাই মাসের মধ্যেই দেশের ৬ টি বিমানবন্দর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ভার আদানি গোষ্ঠীর হাতে তুলে দিতে চলেছে মোদী সরকার। এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। খবর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে।
মন্ত্রকের উচ্চ পদস্থ এক অফিসার জানিয়েছেন, প্রথম মোদী সরকারের মেয়াদের শেষ লগ্নে বিমানবন্দরের বরাত সংক্রান্ত প্রক্রিয়া চলছিল। তাই শেষ সময়ে ক্যাবিনেট অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায়নি। কিন্তু দ্বিতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আর দেরি করতে চাইছেন না মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারও জুলাই মাসের মধ্যে ৬ টি বিমানবন্দরের বেসরকারিকরণ প্রক্রিয়ায় সিলমোহর দিতে চলেছে।
গত বছর টেন্ডার ডেকে আহমেদাবাদ, তিরুবনন্তপুরম, লখনউ, গুয়াহাটি, জয়পুর এবং ম্যাঙ্গালুরু বিমানবন্দরের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার বরাত দেওয়া হয় আদানি গোষ্ঠীর হাতে। যদিও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বিমানবন্দর বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছিলেন। তিনি এও অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই গৌতম আদানি এই বরাত পেয়েছেন। কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরের আধুনিকীকরণ ও রক্ষণাবেক্ষণের বরাত আদানিদের হাতে তুলে দেওয়ায় কেরল হাইকোর্টে মামলাও করে বিজয়ন সরকার।
আদানি গোষ্ঠীকে দেশের ৬ বিমানবন্দর পরিচালনার জন্য মন্ত্রিসভার সিলমোহর জুলাইয়েই


Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.




