Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

থমথমে ভাটপাড়ায় ফের বোমাবাজি শুক্রবার সকালে, বন্ধ ইন্টারনেট পরিষেবা, সরানো হল বারাকপুরের সিপিকে

তিন দিনের মধ্যে ভাটপাড়ায় গণ্ডগোল বন্ধের জন্য প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

থমথমে ভাটপাড়ায় ফের বোমাবাজি শুক্রবার সকালে, বন্ধ ইন্টারনেট পরিষেবা, সরানো হল বারাকপুরের সিপিকে

বৃহস্পতিবার সারা দিন লাগাতার গণ্ডগোল সংঘর্ষের পর শুক্রবারও সকাল থেকে থমথমে ভাটপাড়ার বিস্তীর্ণ এলাকা। এদিন সকালে কাঁকিনাড়ায় ফের হয় বোমাবাজি। এরই মধ্যে উত্তেজনা যাতে না ছড়াতে পারে তার জন্য বৃহস্পতিবার রাতে ভাটপাড়া এবং আশপাশের একটা বড় এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারারা জন্য নবান্ন সরিয়ে দিয়েছে বারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরীকে। তাঁর জায়গায় বারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ ভার্মাকে।
লোকসভা ভোটের আগে অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া সহ বারাকপুরের বিভিন্ন এলাকা। তৃণমূল বারবার অভিযোগ করেছে, বহিরাগত দুষ্কৃতী এনে এলাকাকে উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি। বিজেপি পালটা অভিযোগ করেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকে ভাটপাড়ায় গুলি, বোমার লড়াই শুরু হয়। একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। দু’জনের মৃত্যু হয়। যার জেরে ভাটপাড়ায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রাতেই ভাটপাড়া সহ আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। বৃহস্পতিবারই বিকেলেই মুখ্যমন্ত্রী বারাকপুরে শান্তি ফেরাতে প্রশাসনকে ৭২ ঘন্টার সময় দেন। বিকেলেই নবান্ন বারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরীকে সরানোর সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, লোকসভা ভোটের পরই বারাকপুরের পুলিশ কমিশনার সুনীল চৌধুরীকে সরিয়ে তন্ময় রায়চৌধুরীকে নতুন কমিশনার করা হয়েছিল। কিন্তু দু’সপ্তাহের মধ্যে ফের কমিশনার বদলি করা হল। জানা গিয়েছে, আইজি উত্তরবঙ্গ মনোজ ভার্মা শুক্রবার দুপুরেই দার্জিলিং থেকে কলকাতায় ফিরে বিকেলে কমিশনারের দায়িত্ব নেবেন।
শুক্রবার সকাল থেকেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় ভাটপাড়ার কাঁকিনাড়ায়। সূত্রের খবর, এদিন সকালে মোটরসাইকেল করে এসে দুই দুষ্কৃতী বোমাবাজি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। ১৪৪ ধারা ভেঙেই মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: নবরূপে তৃণমূলের লোগো, শাড়ি থেকে রিস্ট ব্যান্ড, টুপি থেকে মোবাইল কভার, বিপণনে বাজিমাত করার কৌশল ঘাসফুলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal