নারদ কাণ্ডের তদন্তে কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি সহ কলকাতা পুরসভার তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
নারদ মামলায় তদন্তের জন্য শুক্রবার শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি অম্লান লাহিড়ি ছাড়াও দীনদয়াল সিংহ ও প্রিয়জিৎ ঘোষ নামে কলকাতা পুরসভার দুই আধিকারিককে নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই। এদিন কয়েক ঘন্টা জেরা করা হয় ওই আধিকারিকদের।
সিবিআই সূত্রে খবর, নারদ মামলার এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল পুরসভার ভিআইপি করিডর হয়ে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের চেম্বারে চলে যাচ্ছেন। কিন্তু সে সময় পুরসভার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর ভরসা করছেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে মোট ৪ আধিকারিককে তলব করে সিবিআই। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা পুরসভার ভিআইপি করিডরে কারা দায়িত্বে ছিলেন তা জানতেও চিঠি দেওয়া হয়।
সিবিআই সূত্রে খবর, নারদ স্টিং অপারেশন ভিডিওতে ম্যাথু স্যামুয়েল ও কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ছাড়াও আরও বেশ কয়েকজনের কণ্ঠস্বর শোনা গিয়েছে। কিন্তু ভিডিওতে তাঁদের দেখা যায়নি। তাই স্যামুয়েল ছাড়া আরও কে কে সেদিন মেয়রের চেম্বারে উপস্থিত ছিলেন তা জানতে ওই আধিকারিকদের ডেকে পাঠায় সিবিআই। শুক্রবার সিবিআইয়ের ডাকে ৪ আধিকারিকের মধ্যে ৩ জন উপস্থিত হন নিজাম প্যালেসে। দীর্ঘক্ষণ তাঁদের জেরা করা হয়।
নারদের ভিডিওতে ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। শোভন ছাড়াও কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতারও নাম জড়িয়েছে নারদ কাণ্ডে।
নারদ কাণ্ডে মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রাক্তন ওএসডি সহ ৩ আধিকারিককে জেরা সিবিআইয়ের
চিট ফাণ্ডের পর এবার নারদ তদন্তে তৎপরতা সিবিআইয়ের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



