Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

‘ফেরার’ পি চিদম্বরম, সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, বাড়িতে সিবিআই হানা

‘ফেরার’ পি চিদম্বরম, সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, বাড়িতে সিবিআই হানা

দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর থেকেই ‘ফেরার’ পি চিদম্বরম। তাঁর দিল্লির বাড়িতে হানা দিল সিবিআই এবং ইডি। এদিকে বুধবার সকালে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও স্বস্তি মিলল না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতার।
গ্রেফতারি এড়াতে বুধবার সুপ্রিম কোর্টে আবেদন জানালেন আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর বুধবার সকালে শীর্ষ আদালতের দ্বারস্থ হন পি চিদম্বরম। শীর্ষ আদালত জানায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করুন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা চিদম্বরম। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বুধবারই আবেদন শুনবেন কিনা তা নির্দিষ্ট নয়।
অন্যদিকে, মঙ্গলবার তাঁর আগাম জামিন খারিজ হওয়ার পরই বুধবার ভোরে সিবিআইয়ের ৬ অফিসারের একটি দল চিদাম্বরমের দক্ষিণ দিল্লির জোড়বাগে বাড়িতে হানা দেন। কিন্তু সেখানে গিয়ে নাগাল মেলেনি চিদাম্বরমের। এর কয়েক ঘন্টা পরে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেক্টের একটি দলও সেখানে উপস্থিত হয়।
এরপরেই সিবিআইয়ের তরফ থেকে প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়ির সামনে সিবিআই নোটিস লাগিয়ে দেয়। চিদম্বরমকে দেওয়া নোটিসে জানানো হয়, সংশ্লিষ্ট মামলার তদন্তের স্বার্থে নোটিসের পাওয়ার দু’ ঘণ্টার মধ্যে যেন তিনি সিবিআইয়ের সামনে উপস্থিত হন।
২০০৭ সালে চিদম্বরম যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, সেই সময় ৩০৫ কোটি টাকার বিদেশি অনুদানে আইএনএক্স মিডিয়াকে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড (এফআইপিবি) ছাড়পত্র দেওয়া হয়েছে বলে অভিযোগে ওঠে। এই অভিযোগে ২০১৭ সালের ১৫ ই মে এফআইআর দায়ের করে সিবিআই। পরে মামলার তদন্তে নেমে ইডি জানতে পারে, এফআইপিবি ছাড়পত্রের জন্য পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন আইএনএক্স মিডিয়ার প্রধান পিটার মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জি। পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম ও আইএনএক্স মিডিয়ার প্রধান পিটার মুখার্জি ও ইন্দ্রাণী মুখার্জির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনে সিবিআই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation