Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

শুভেন্দু-বাবুল-আলুওয়ালিয়ার সভায় ৪৮টি মোবাইল চুরি! গায়েব বিজেপি সাংসদের ছেলের ফোনও

শুভেন্দু-বাবুল-আলুওয়ালিয়ার সভায় ৪৮টি মোবাইল চুরি! গায়েব বিজেপি সাংসদের ছেলের ফোনও

রানিগঞ্জের পর এবার দুর্গাপুরে বিজেপির সভাতেও উঠল মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির অভিযোগ। সেই চুরি থেকে রক্ষা পেলেন না সাংসদ পুত্রও!
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনচিতিতে বিজেপির যোগদান মেলার সভা শেষে রোড শো করেন শুভেন্দু অধিকারী। সেখানে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ, সাংসদ এস এস আলুওয়ালিয়া, সুনীল মণ্ডল, ডাঃ সুভাষ সরকার প্রমুখ।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সেই রোড-শো চলাকালীন অন্তত ২০টি মানিব্যাগ ও ৪৮টি মোবাইল ফোন চুরি গিয়েছে। এই মর্মে মঙ্গলবার রাতে দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়িতে অভিযোগও দায়ের করেছে বিজেপি।

কার কার মোবাইল খোয়া গিয়েছে? বিজেপির অভিযোগ, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার ছেলে রমনজিৎ আলুওয়ালিয়া সহ বেশ কয়েকজন নেতা ও কর্মীর মোবাইল ফোন চুরি হয়েছে। তাছাড়া অনেকের মানিব্যাগও চুরি হয়েছে বলে অভিযোগ দুর্গাপুরের বিজেপি নেতা অমিতাভ ব্যানার্জির।

আরও পড়ুন: কালীপুজোর আগেই জাঁকিয়ে শীত! আবহাওয়া নিয়ে যা জানাল হাওয়া অফিস 

মঙ্গলবার প্রান্তিকা মোড় থেকে বিজেপির রোড শো শুরু হয়ে তা শেষ হয় ভিরিঙ্গি মোড়ে। বিজেপি’র অভিযোগ, এই ৪ কিলোমিটার রাস্তায় বিশাল জনসমাগমের সুযোগ নিয়ে অপারেশন চালিয়েছে পকেটমারদের একটি দল। তাঁদের বক্তব্য, মিছিলের পর দেখা যায় কোনও বিজেপি নেতা মোবাইল পাচ্ছেন না। কেউ দেখেন, তাঁর মানিব্যাগ খোয়া গিয়েছে। একই ঘটনা ঘটেছিল কিছুদিন আগে রানিগঞ্জের সভাতেও।

দুর্গাপুরের বেনাচিতিতে যেখানে বিজেপি–র সভা হয়, তার খুব কাছেই দুর্গাপুর থানার অন্তর্গত এ জোন পুলিশ ফাঁড়ি। চুরির ঘটনায় বিজেপি’র আঙুল উঠেছে পুলিশের দিকে। তাদের অভিযোগ, পুলিশি অপদার্থতার জন্যেই এই ধরণের ঘটনা ঘটল। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

এই চুরির ঘটনা নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি তৃণমূল। তৃণমূলের উত্তম ব্যানার্জির কটাক্ষ, বিজেপির র‍্যালি ছিল, তাদের নিজেদের লোকেরাই তো ছিল সেখানে। তবে যে ধরণের লোকজনকে বিজেপি দলে নিচ্ছে তাতে এ সব ঘটনা হওয়াটাই স্বাভাবিক।

আরও পড়ুন: কাশ্মীরে তুষারঝড়ে মৃত্যু বাংলার সেনা জওয়ানের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal