দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন শুক্রবার নতুন মন্ত্রিসভা বেছে নিলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এলেন অমিত শাহ। এছাড়াও মোদী সরকারের দ্বিতীয় অধ্যায়ে জায়গা করে নিয়েছেন একাধিক নতুন মুখ, অদল-বদল ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রীর দফতরে।
জল্পনা সত্যি করে রাজনাথ সংহকে সরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বভার নিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আর রাজনাথ সিংহকে দেওয়া হল প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, সে সময় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ। এবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলাবেন মোদী-শাহ জুটি।
অন্যদিকে, শারীরিক অসুস্থতার জন্য এবার মন্ত্রী হতে রাজি হননি অরুণ জেটলি। তাঁর জায়গায় নতুন অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামণ। আগে তিনি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে। সেই জায়গায় নিয়ে আসা হয়েছে রাজনাথ সিংহকে। শারীরিক কারণে সুষমা স্বরাজকেও সরানো হয়েছে বিদেশমন্ত্রীর পদ থেকে। নতুন বিদেশমন্ত্রীর দায়িত্ব নিলেন প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর। প্রথমবারের মতোই আইন মন্ত্রকের দায়িত্ব বহাল থাকল রবিশঙ্কর প্রসাদের হাতে। সেই সঙ্গে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে রবিশঙ্করকে। প্রকাশ জাভড়েকরকে সরিয়ে মানব সম্পদ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হল রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে। তিনি মোদীর মন্ত্রিসভার নতুন মুখ।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে আমেঠির কেন্দ্র থেকে জেতা স্মৃতি ইরানির দায়িত্ব বাড়ল। আগের বস্ত্র মন্ত্রকের দায়িত্বের পাশাপাশি মানেকা গান্ধীকে সরিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল স্মৃতি ইরানিকে। প্রথম বারের মতো নীতিন গড়করির ওপর থাকল সড়ক পরিবহণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্ব। রাম বিলাস পাসোয়ানও গতবারের মতো ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং গণবন্টনের দায়িত্বে বহাল থাকলেন।
মোদীর মন্ত্রিসভায় স্বরাষ্ট্রে অমিত শাহ, অর্থে নির্মলা সীতারমণ, প্রতিরক্ষায় রাজনাথ
বাংলা থেকে দুই প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation



