অ্যাপ ক্যাবের ভাড়া আগামী দিনে আরও বাড়তে চলেছে। এই বিষয়ে নতুন গাইডলাইন তৈরি করেছে কেন্দ্র। যার ফলে এই ভাড়া বৃদ্ধি পাবে বলে মনে করছে অনেকে।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক নতুন যে গাইডলাইন তৈরি করেছে, তাতে হইচই পড়ে গিয়েছে। কারণ, এবার থেকে চাহিদা বাড়লে যাত্রীদের থেকে আরও বেশি ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। গত ১ জুলাই তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন এই গাইডলাইন। রাজ্যগুলিকে তিন মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার।
কী বলা হয়েছে কেন্দ্রের নতুন এই ক্যাব এগ্রিগেটর গাইডলাইনে? এবার থেকে চাহিদার সময়ে দু’গুণ পর্যন্ত বেস ভাড়া বাড়াতে পারবে সংস্থাগুলি। আগে যা ছিল সর্বোচ্চ দেড় গুণ। এর ফলে কোম্পানিগুলি লাভবান হলেও যাত্রীদের পকেটে টান পড়ার আশঙ্কা রয়েছে।
তবে চালকরা ট্রিপ ক্যান্সেল করলে জরিমানার কথা বলা হয়েছে নয়া গাইডলাইনে। অকারণে ট্রিপ বাতিল করলে ভাড়ার ১০ শতাংশ জরিমানা দিতে হবে চালকদের।
আরও পড়ুন: আসানসোলে ভোটের প্রচারে ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’, শিকেয় করোনা বিধি




