Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

‘বাথরুম পরিষ্কার করা আমার কাজ না’! ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহের, তীব্র সমালোচনা

প্রধানমন্ত্রীর কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন

‘বাথরুম পরিষ্কার করা আমার কাজ না’! ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহের, তীব্র সমালোচনা

আপনাদের শৌচালয় সাফ করার জন্য আমাকে জেতানো হয়নি। দলীয় কর্মীদের নালিশের মুখে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। এই মন্তব্যের মধ্যে দিয়ে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা সিংহ আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানকেই চরম অপমান করলেন, আক্রমণ বিরোধীদের।
ভোপাল আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রজ্ঞা সিংহের নাম ঘোষণার পর থেকে একাধিক বিতর্কে জড়িয়েছেন মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত। কখনও মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমী বলেছেন, আবার কখনও মুম্বই হামলায় এটিএস চিফ হেমন্ত কারকারেকে নিয়ে করেছেন চরম অপমানজনক মন্তব্য, পরে চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত গডসেকে নিয়ে প্রজ্ঞার মন্তব্যের নিন্দা করেছিলেন। বলেছিলেন, ওঁকে কোনওদিন ক্ষমা করতে পারব না। সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময়ও বিতর্কে জড়ান বিজেপি সাংসদ। এবার সরাসরি জানিয়ে দিলেন, ঠিক কী উদ্দেশে তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি জানিয়ে দিলেন, মানুষের বাথরুম কিংবা নোংরা বোঝাই নালা পরিষ্কার করা তাঁর দ্বারা হবে না।
সম্প্রতি ভোপালের সেহরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন বিতর্কিত বিজেপি সাংসদ। সেখানেই নিজের কাজ বোঝাতে একথা বলে ফেলেন তিনি। প্রজ্ঞা সিংহ বলেন, নালা পরিষ্কার করতে আমাকে এখানে আনা হয়নি। স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, আমি আপনাদের শৌচালয় সাফ করার কাজ করতে পারব না। আমাকে যে কাজের জন্য তৈরি করা হয়েছে, সেটাই সততার সাথে করব। এলাকায় নালা পরিষ্কার এবং শৌচালয় সাফ করা নিয়ে বিজেপি সাংসদের কাছে অভিযোগ জানিয়েছিলেন দলীয় কর্মীরা। তারপরই এই মন্তব্য করেন প্রজ্ঞা সিংহ ঠাকুর।
বিজেপি সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়। এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি বলেন, এই মন্তব্যের মধ্যে দিয়ে উচ্চ বর্ণের প্রজ্ঞা সিংহ আসলে শৌচাগার পরিষ্কার করার কাজ করা কর্মীদেরই অপমান করলেন। এভাবে বুঝি নিউ ইন্ডিয়া তৈরি হবে, মোদীকে খোঁচা দিয়ে মন্তব্য ওয়েইসির। মালেগাঁও বিস্ফোরণ মামলার মুখ্য অভিযুক্ত প্রজ্ঞা সিংহের শৌচালয় মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেসও। প্রজ্ঞা সিংহ প্রধানমন্ত্রীর স্বপ্নের স্বচ্ছ ভারত প্রকল্পকে এভাবে অপমান করলেন। আশা করব প্রধানমন্ত্রী এবার অন্তত প্রজ্ঞার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন, বলেন কংগ্রেস নেতা তারিক আনোয়ার।

আরও পড়ুন: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন লভলিনা বড়গোহাঁই, ভারতের ঝুলিতে এল তৃতীয় পদক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation