Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
12 July 2026

নিরাপত্তার অভাব, গণ ইস্তফা সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকদের, রাজ্যে আরও ঘনীভূত স্বাস্থ্য-সঙ্কট

বর্তমানে কার্যত চিকিৎসক শূন্য সাগর দত্ত হাসপাতাল

নিরাপত্তার অভাব, গণ ইস্তফা সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকদের, রাজ্যে আরও ঘনীভূত স্বাস্থ্য-সঙ্কট

রাজ্যের চিকিৎসা পরিষেবায় সঙ্কট আরও ঘনীভূত। এবার নিরাপত্তার দাবিতে গণ ইস্তফা দিচ্ছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। এখনও পর্যন্ত ১৮ চিকিৎসক পদত্যাগপত্র জমা দিয়েছেন বিভাগীয় প্রধানের কাছে বলে খবর। বর্তমানে হাসপাতাল কার্যত চিকিৎসক শূন্য।

তাঁরা কাজ করতে পারছেন না, নিরাপত্তার অভাববোধ করছেন, পদত্যাগপত্রে এমনই লিখেছেন উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজের ইস্তফা দেওয়া চিকিৎসকরা। সূত্রের খবর, যে ১৮ জন চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ৩ রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার বা আরএমও, এক অধ্যাপক, ৩ জন সহ অধ্যাপক ও ৩ জন ক্রিটিকাল কেয়ার চিকিৎসক। তাঁরা বলছেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে হাসপাতালের গোটা চাপ এসে পড়েছে সিনিয়র ডাক্তারদের উপর। সেই চাপ সামলানোর মতো পরিকাঠামো হাসপাতালে নেই। এই পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। ফলে ইস্তফা দেওয়া ছাড়া আরও কোনও রাস্তাই তাঁদের সামনে খোলা ছিল না বলে দাবি ইস্তফা দেওয়া চিকিৎসকদের।

এনআরএসে জুনিয়র চিকিৎসকদের শারীরিক হেনস্থা ও তার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে পরিষেবা ব্যাহত হয়েছে। বিশাল সংখ্যক রোগীর যথাযথ চিকিৎসা সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে জানান সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ জন চিকিৎসক।
সাগর দত্ত মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান তাঁদের পদত্যাগপত্র গ্রহণের পর কলেজের অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেন। অধ্যক্ষ ওই ইস্তফাপত্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।  এই অবস্থায় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল বর্তমানে কার্যত চিকিৎসক শূন্য। রোগীর ভিড় ক্রমেই বাড়ছে। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন: কেদারনাথ থেকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালাচ্ছেন মোদী, কমিশনে ফের বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal