Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

এনআরএসের ২ চিকিৎসকের পদত্যাগ, উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে পদত্যাগ ৫ চিকিৎসকের, রাজ্যে ঘনীভূত স্বাস্থ্য-সঙ্কট

চিকিৎসার আশায় হন্যে হয়ে ঘুরছেন সাধারণ মানুষ, দাবি আদায়ে অনড় জুনিয়র ডাক্তাররা

এনআরএসের ২ চিকিৎসকের পদত্যাগ, উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে পদত্যাগ ৫ চিকিৎসকের, রাজ্যে ঘনীভূত স্বাস্থ্য-সঙ্কট

সাগর দত্তের পর এবার এনআরএস। সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের গণ ইস্তফার পর এনআরএসেও পদত্যাগ করলেন ২ চিকিৎসক। হাসপাতালের সুপার সৌরভ চট্টোপাধ্যায় ও অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন। তবে তাঁদের পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে সূত্রের খবর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকেও ৫ চিকিৎসকের পদত্যাগের খবর পাওয়া যাচ্ছে।
এনআরএসে এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের শারীরিক হেনস্থা ও তার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কার্যত স্তব্ধ। এই অবস্থায় বৃহস্পতিবার এসএসকেএমে গিয়ে জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিয়ে কাজে ফেরার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কাজে যোগ না দিলে তাঁদের হস্টেল ছাড়তে হবে বলেও ঘোষণা করেছিলেন। ধর্মঘটী চিকিৎসকেরা এতে সাড়া দেননি, বরং মুখ্যমন্ত্রীর ‘বহিরাগত’ তকমা দেওয়ার কড়া নিন্দা করে নিজেদের অবস্থানেই অনড় থাকেন। অন্যদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজের ১৮ জন চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন।
এনআরএসেও পরিস্থিতির উন্নতি হয়নি, বৃহস্পতিবার আন্দোলনকারী চিকিৎসকদের বহিরাগতরা আক্রমণ করছে বলে ফের অভিযোগ ওঠে। এমনকী আবার ১ জন চিকিৎসক আহত হয়েছেন বলেও দাবি করেন এনআরএসের জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে এনআরএসের সুপার সৌরভ চট্টোপাধ্যায় ও অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন সূত্রের খবর। তাঁরা পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে। সূত্রের খবর, তাঁদের পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। এদিকে প্রশাসনিক অসহযোগিতার অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইস্তফা দিয়েছেন মনোরোগ বিভাগের প্রধান নির্মল বেরা সহ ৫ চিকিৎসক। এনআরএসের ঘটনার প্রতিবাদে দিল্লিতে এইমসেও কর্মবিরতি পালন করছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা।
এদিকে বৃহস্পতিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় সব চিকিৎসককে কাজে ফেরার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও শুক্রবার সকাল পর্যন্ত রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবারও তেমন কোনও উন্নতি হয়নি। রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের সামনে উপচে পড়ছে রোগীদের ভিড়। ধর্মধটী চিকিৎসকদের বারবার অনুরোধ করেও চিকিৎসা পাননি, এমনই অভিযোগ বহু মানুষের। তাঁরা চাইছেন, দাবি আদায়ের পথ যেন কারও মৃত্যুর কারণ না হয়ে ওঠে।

আরও পড়ুন: খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জেএমবি জঙ্গিকে কেরল থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal