Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

অঞ্জু ঘোষ ভারতের নাগরিক, রয়েছে আধার, ভোটার কার্ড, অভিনেত্রীর নাগরিকত্ব ইস্যুতে সাফাই বিজেপির

অঞ্জু ঘোষকে সদস্যপদ দিয়ে বিপাকে রাজ্য বিজেপি

অঞ্জু ঘোষ ভারতের নাগরিক, রয়েছে আধার, ভোটার কার্ড, অভিনেত্রীর নাগরিকত্ব ইস্যুতে সাফাই বিজেপির

তৃণমূলের হয়ে লোকসভা ভোটের প্রচারে গিয়ে বিতর্ক তৈরি করেছিলেন বাংলাদেশি অভিনেতা ফিরদৌস, বিজেপি প্রশ্ন তুলেছিল কীভাবে অন্য দেশের নাগরিক এ দেশের লোকসভা ভোটের প্রচার করতে পারেন! ঘটনার প্রেক্ষিতে দেশে ফিরে ক্ষমাও চেয়েছিলেন অভিনেতা। কিন্তু বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে আর বাংলাদেশি অভিনেতা অঞ্জু ঘোষের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রশ্ন ওঠে বাংলাদেশের নাগরিক কীভাবে বিজেপিতে যোগদান করতে পারেন! সূত্রের খবর, বছর কুড়ি আগে কলকাতায় এসে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন অভিনেত্রী। বুধবার সাংবাদিকরা অঞ্জু ঘোষকে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান বলে খবর। বিতর্কের আঁচ পেয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন জন্মসূত্রে অঞ্জু ঘোষ ভারতীয়। তাঁর আধার কার্ড, প্যান কার্ড, নাগরিকত্বের যাবতীয় নথি আছে বলে জানান বিজেপি নেতা। সেইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ করেন জয়প্রকাশ মজুমদার।
১৯৮৯ সালে বাংলাদেশের অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে ‘বেদের মেয়ে জোসনা’-য় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অঞ্জু ঘোষ। ১৯৯১ সালে সেই সিনেমার ভারতীয় ভার্সনও মুক্তি পেয়েছিল, যেখানে অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা তথা তৃণমূলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এরপর এই বাংলায় প্রচুর ছবিতে কাজ করেছেন অঞ্জু ঘোষ। যাত্রাতেও বিশেষ পরিচিতি পান তিনি। এহেন অভিনেতা অঞ্জু ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ‘অরিজিনাল’ বেদের মেয়ে জোসনা এখন তাঁদের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছেন ‘নকল’ জোসনা, যদিও ‘নকল’ বলতে ঠিক কাকে ইঙ্গিত করেছেন তা পরিষ্কার করেননি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: ডিভিশন বেঞ্চেও মিলল না রক্ষাকবচ, সিবিআই ডাকলে যেতেই হবে অনুব্রতকে 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal