জল স্বপ্ন প্রকল্পের জন্য দলের বিধায়ক এবং সাংসদের অর্থ বরাদ্দ করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিধায়ক এবং সাংসদদের টাকায় হবে জল স্বপ্ন প্রকল্প, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, রাজ্যের একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার বরাদ্দ অর্থ দিচ্ছে না বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। উপভোক্তারা যাতে বঞ্চিত না হন, তার জন্য রাজ্যের কোষাগারের অর্থে ওই প্রকল্পগুলি চালু রাখা হয়েছে।
এবার কেন্দ্র–রাজ্যের যৌথ উদ্যোগের ‘জল স্বপ্ন’ প্রকল্পের জন্য তাঁর দলের বিধায়ক-সাংসদদের অর্থ বরাদ্দের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান সভা থেকে এই নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, গত বছর লোকসভা ভোটের আগে বিজেপি বলেছিল, ওরা টাকা দিচ্ছে তাই এই জল স্বপ্ন প্রকল্প হচ্ছে। আসল ঘটনা হলো, এই প্রকল্পের ৯০ শতাংশ টাকা আমাদেরই দিতে হচ্ছে। এর আগে ওদের ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকাও তারা দেয়নি।
এর পরেই জনপ্রতিনিধিদের উদ্দেশে মমতা বলেন, আমাদের দলের বিধায়কদের বলব নিজেদের তহবিল থেকে ১০ লক্ষ টাকা করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে দেবেন। আর সাংসদেরা তাঁদের কোটা থেকে জেলা শাসকদের মাধ্যমে ১ কোটি টাকা জল স্বপ্ন প্রকল্পের জন্য ওই দপ্তরকে দেবেন।
রাজ্যের সব জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে প্রকল্পের মোট খরচের ৫ শতাংশ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডলে মমতা কৃষকবন্ধু প্রকল্পে রাজ্যের কৃষক ও বর্গাদারদের অর্থ সহায়তার শুরুর কথা জানান। ১ একর বা তার বেশি জমির মালিকেরা এই প্রকল্পে ১০ হাজার টাকা সহায়তা পান। এ ছাড়াও কম জমির মালিক এবং বর্গাদারেরা ৪ হাজার টাকা করে সহায়তা পান।

Comments are closed.