Take a fresh look at your lifestyle.

১ অক্টোবর থেকে রাজ্যে যাত্রা, নাটক, সিনেমা হল খোলার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী, তবে মানতে হবে কিছু স্বাস্থ্যবিধি

দীর্ঘ ছ’মাসেরও বেশি বন্ধ থাকার পর আগামী ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, থিয়েটার, চলচ্চিত্র সহ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার অনুমতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই দিন থেকেই সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, জাদু প্রদর্শনীর মতো অনুষ্ঠানও রাজ্যে চালানো যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে করোনা সংক্রমণ রুখতে নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।

মার্চ মাসের শেষে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত  প্রেক্ষাগৃহ এবং বিনোদনের বিভিন্ন ক্ষেত্র। আনলক পর্ব শুরু হয়ে গেলেও সংক্রমণ ঠেকাতে এই জায়গাগুলি খোলার অনুমতি দেয়নি প্রশাসন। শনিবার সেই অনুমতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইট করে মুখ্যমন্ত্রী জানান, ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, মুক্তমঞ্চে থিয়েটার, চলচ্চিত্র, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি এবং জাদু প্রদর্শনী শুরু করা যাবে। তবে এমন অনুষ্ঠান চালানোর জন্য অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ জন বা তার কম হতে হবে। দ্বিতীয়ত, শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান করতে হবে। মাস্ক পরা-সহ অন্যান্য বিধিও মানতে হবে।

Comments are closed.