উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ভারী নিম্নচাপ থাকায় বুধবারও দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদনীপুর, পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভবনাও রয়েছে। বজ্রপাত থেকে বাঁচতে লোকজনকে বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারও বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিমের জেলাগুলো বাদে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: PPE পরতে আধঘণ্টা! অ্যাম্বুলেন্সেই মৃত্যু রোগীর, কলম্বিয়া এশিয়াকে ৫ লক্ষ টাকা জরিমানা
মঙ্গলবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। মাঝে কিছুক্ষণ বিরতি থাকলেও রাত থেকে ফের ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। একই অবস্থা বুধবারও থাকবে বলে খবর। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তি থাকছেই।




