Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

কেন্দ্র-রাজ্য সমন্বয় সাধনে সাংবাদিক জয়ন্ত ঘোষালকে নিয়োগ করল নবান্ন, বিভিন্ন মন্ত্রকের সঙ্গে রাজ্যের যোগাযোগ রক্ষা করবেন

দিল্লি এবং কলকাতায় অফিস থাকবে জয়ন্ত ঘোষালের

কেন্দ্র-রাজ্য সমন্বয় সাধনে সাংবাদিক জয়ন্ত ঘোষালকে নিয়োগ করল নবান্ন, বিভিন্ন মন্ত্রকের সঙ্গে রাজ্যের যোগাযোগ রক্ষা করবেন

দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখতে এবার রাজধানীতে ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করল নবান্ন। শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সিনিয়র সাংবাদিক জয়ন্ত ঘোষালকে এই পদে নিয়োগ করা হয়েছে।
জয়ন্ত ঘোষাল দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সমন্বয় রক্ষা করবেন। পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ানও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জয়ন্ত ঘোষাল রাজ্য সরকারের হয়ে কাজ করলেও তিনি আগে যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তা চালিয়ে যাবেন। নয়া দিল্লিতে প্রিন্সিপাল রেসিডেণ্ট কমিশনারের অফিসে তাঁর জন্য পৃথক অফিসের ব্যবস্থা হবে। পাশাপাশি, কলকাতা তথ্য কেন্দ্রেও তাঁর অফিস থাকবে।
বর্তমান পত্রিকায় চাকরি জীবন শুরু জয়ন্ত ঘোষালের। তারপর সেখান থেকে আনন্দবাজার পত্রিকা। ছিলেন আনন্দবাজারের দিল্লির সম্পাদক। সম্প্রতি আনন্দবাজার পত্রিকা ছেড়ে স্বাধীনভাবে লেখালেখি করছেন দীর্ঘদিন দিল্লিতে সাংবাদিকতা করা জয়ন্ত ঘোষাল। কিছুদিন ইন্ডিয়া টিভিতেও চাকরি করেছেন। সম্প্রতি সেখান থেকে ইস্তফা দেন।
সাম্প্রতিক অতীতে একাধিক ইস্যুতে কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য। রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না বলে বারবার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। একেবারে সম্প্রতি জিএসটির বকেয়া নিয়েও কেন্দ্রের সমালোচনা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় রাখতে সিনিয়র সাংবাদিক জয়ন্ত ঘোষালকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করল নবান্ন।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জয়ন্ত ঘোষাল জানিয়েছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমার কাজ উন্নয়ন প্রশ্নে কেন্দ্র রাজ্য সমন্বয়। রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করা। আমি চেষ্টা করবো। কখনও সরকারে কাজ করিনি, এক নতুন অধ্যায়।

আরও পড়ুন: ৫আগস্ট রাজ্য বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও, ২ অক্টোবর দিল্লি চলো; ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal