Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
21 July 2026

প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের, দ্রুত রাজ্যের নাম বদলে সম্মতি দেওয়ার আবেদন

রাজ্যের নাম বদল নিয়ে কেন্দ্রীয় প্রতিক্রিয়ায় একযোগে প্রতিবাদ তৃণমূল-বাম-কংগ্রেসের

প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের, দ্রুত রাজ্যের নাম বদলে সম্মতি দেওয়ার আবেদন

রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। তাই, পশ্চিমবঙ্গের নাম বদলে ছাড়পত্র দেয়নি কেন্দ্র। এই প্রেক্ষিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন প্রধানমন্ত্রী মোদীকে। জানালেন, রাজ্যের মানুষের আবেগকে স্বীকৃতি দিয়ে দ্রুত রাজ্যের নাম বদল করা হোক।
রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্র কতটা এগিয়েছে জানতে বুধবার রাজ্যসভায় প্রশ্ন তোলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, সংবিধান সংশোধন ছাড়া পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করা সম্ভব নয়। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মমতা জানালেন, লোকসভার চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন করা হোক। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রায় ৮ বছর ধরে নিয়ম মেনে রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া সত্ত্বেও গড়িমসি করছে কেন্দ্র। রাজ্যবাসীর ইচ্ছের মর্যাদা দিয়ে দ্রুত নাম বদলের পদক্ষেপ করতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লেখেন, ২০১৬ সালের ২৯ শে অগাস্ট সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে ঠিক হয়, রাজ্যের নাম বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে হোক ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। কিন্তু কেন্দ্র জানায়, যে নামই হোক না কেন, তা তিন ভাষাতেই একই হতে হবে। এরপর ২০১৭ সালের ৮ ই সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়, তিন ভাষাতেই রাজ্যের নাম হোক ‘বাংলা’। এ নিয়ে ২০১৮ সালের ২৬ শে জুলাই বিধানসভা সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করে। এরপরও কেন্দ্রের নাম বদলের অনীহা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।
বুধবার রাজ্যের নাম বদল প্রসঙ্গে কেন্দ্রের প্রতিক্রিয়ায় রাজ্য বিধানসভায় একযোগে প্রতিবাদ করে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম। দুবার প্রস্তাব পাঠানোর পরে কেন্দ্রের এই প্রতিক্রিয়া হাস্যকর, মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা আব্দুল মান্নানও রাজ্যের নাম পরিবর্তন করার জন্য কেন্দ্রের পদক্ষেপের দাবি করেন। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের নাম পরিবর্তনের বিষয় গুরুত্ব দিয়ে দেখার জন্য কেন্দ্রের কাছে আরও একবার রিমাইন্ডার পাঠানো হোক। এরপর বিধানসভায় নিজের কক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: রাজ্যপালের প্রশাসনিক বৈঠকে নেই রাজ্য প্রশাসন-তৃণমূল, কীভাবে কাজ করব তা কেউ বলে দিতে পারে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য জগদীপ ধানকরের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal