Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

শুভ্রাংশুকে সাসপেন্ডের পর শনিবারের বৈঠকে কড়া সিদ্ধান্ত নিতে পারেন মমতা, বদল হতে পারে সংগঠনে, মন্ত্রিসভায়

একাধিক তৃণমূল বিধায়ক, নেতার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল তৃণমূল নেত্রীর কাছে

শুভ্রাংশুকে সাসপেন্ডের পর শনিবারের বৈঠকে কড়া সিদ্ধান্ত নিতে পারেন মমতা, বদল হতে পারে সংগঠনে, মন্ত্রিসভায়

মুকুল রায় পুত্র শুভ্রাংশুকে ছ’বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত সামনে আসতেই, ‘এরপর কে’, এই জল্পনা শুরু হয়ে গেল তৃণমূলের অন্দরে। শনিবার বিকেলে নিজের বাড়িতে তৃণমূলের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই লোকসভা ভোটের খারাপ ফলের পর্যালোচনা করবেন তৃণমূল নেত্রী। সমস্ত জেতা এবং পরাজিত প্রার্থীদেরই এই বৈঠকে ডাকা হয়েছে। পাশাপাশি, সমস্ত জেলার সভাপতি এবং শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকবেন শনিবারের বৈঠকে। সূত্রের খবর, সেই বৈঠকে সংগঠনে বেশ কিছু রদবদল করতে পারেন তৃণমূল নেত্রী। এমনকী রাজ্য মন্ত্রিসভাতেও কিছু বদলের সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার ফল ঘোষণার পর শুক্রবারই নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি নেতা এবং বাবা মুকুল রায়ের প্রশংসা করেন শুভ্রাংশু রায়। ঘুরিয়ে তৃণমূলের সমালোচনাও করেন তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন শুভ্রাংশুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত।
সূত্রের খবর, লোকসভা ভোটের ফলে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। এদিন পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম দুই তৃণমূল নেতাই এই খারাপ ফলের জন্য টাকার খেলা আছে বলে অভিযোগ তোলেন। প্রচারে বারবারই বিজেপির বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অকাতরে টাকা বিলি করছে বলে অভিযোগ করেন তিনি। টাকার বিনিময়ে তৃণমূলের কোনও স্তরের নেতা বিক্রি হয়ে গিয়েছেন কিনা তাও খবর নিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে নানারকম খবর পৌঁছেছে তৃণমূল নেত্রীর কাছে।
সূত্রের খবর, শনিবারের বৈঠকে কিছু কড়া সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিধায়ক এবং জেলা নেতার সম্পর্কে অভিযোগ জমা পড়েছে তাঁর কাছে। সূত্রের খবর, এর পরিপ্রেক্ষিতে সংগঠনে বেশ কিছু রদবদল করতে পারেন তিনি। পাশাপাশি, মন্ত্রিসভাতেও কিছু পরিবর্তন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: দিল্লি সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস; দেখা করলেন অমিত শাহের সঙ্গে 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal