Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

এবার পঞ্চায়েত থেকে জেলা পরিষদের সদস্যদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতি সপ্তাহে পঞ্চায়েত সদস্যদের মানুষের সঙ্গে বৈঠক করার পরামর্শ মমতার

এবার পঞ্চায়েত থেকে জেলা পরিষদের সদস্যদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের দৈনিক ভাতা বাড়িয়েছিল রাজ্য। এবার জেলা পরিষদ ও পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রতি সপ্তাহে অন্তত ২ ঘন্টা সময় পঞ্চায়েত ও ব্লক এলাকার মানুষের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিলেন দলীয় জেলা পরিষদ ও পঞ্চায়েত সদস্যদের।
লোকসভা ভোটের পরবর্তী সময়ে বিধায়ক, সাংসদ, কাউন্সিলার নিয়ে বৈঠকের পর সোমবার প্রায় ৮০০ জন জেলা পরিষদের সদস্যকে নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ করে সাংবাদিক বৈঠক থেকে জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরের জন প্রতিনিধিদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, এখন থেকে জেলা পরিষদের সভাধিপতির বেতন ৬ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে ৯ হাজার টাকা করা হচ্ছে। সহকারী সভাধিপতিরা পাবেন ৮ হাজার টাকা করে। এছাড়া জেলা পরিষদে সদস্যরা পাবেন ৫ হাজার টাকা ভাতা। পাশাপাশি, পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভার প্রতিনিধিদেরও ভাতা দ্বিগুণ করা হয়েছে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
লোকসভা ভোটের পর কাউন্সিলার, দলীয় নেতৃত্ব বা জেলা ভিত্তিক ফল পর্যালোচনার জন্য বিভিন্ন জেলার শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলারদের নিয়ে বৈঠক থেকে কাটমানি ইস্যু নিয়ে নিদান দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এদিনের বৈঠকের পর অবশ্য মমতা বলেন, জেলা পরিষদ বা পঞ্চায়েতের সদস্যদের দোষ-গুণ নিয়ে অনেক আলোচনা হয়। তাঁরা খুব কম ভাতার বিনিময়ে অনেক দায়িত্ব সামলান। এরপরই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে জেলা পরিষদ ও পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি। জানান, সব জেলা পরিষদ ও পঞ্চায়েত স্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সঙ্গে বেশি করে সংযোগ স্থাপনের জন্য। প্রতি সপ্তাহে অন্তত ২ ঘন্টা করে এলাকার সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি। মানুষের অভাব, অভিযোগ, দাবি শুনতে হবে মন দিয়ে। বৈঠকে জেলা পরিষদের সদস্যদের তৃণমূল নেত্রীর বার্তা, এলাকার রাস্তা-ঘাট সহ যে কোনও উন্নয়নের কাজ হওয়া চাই স্বচ্ছতার সঙ্গে ও দ্রুতগতিতে।

আরও পড়ুন: পুজো কার্নিভাল দেখে নির্বিঘ্নে বাড়ি ফেরা; বিশেষ ব্যবস্থা করছে পরিবহন দফতর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal