Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

সরকারি পাঠ্য পুস্তকে ক্ষুদিরামকে ‘সন্ত্রাসবাদী’ লেখার বিরোধিতা বিধানসভায়, সংশোধনের প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

এই ঘটনা অত্যন্ত দুঃখের, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

সরকারি পাঠ্য পুস্তকে ক্ষুদিরামকে ‘সন্ত্রাসবাদী’ লেখার বিরোধিতা বিধানসভায়, সংশোধনের প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

দেশের স্বাধীনতা সংগ্রামে শহিদ ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী বানানো হয়েছে সরকারি পাঠ্য পুস্তকে। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এই নিয়ে তীব্র হট্টগোল তৈরি হয়। এর জেরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, পাঠ্য পুস্তক রিভিউ কমিটি তৈরি করে এই ভুল সংশোধন করা হবে।
মঙ্গলবার বিধানসভা অধিবেশনে সিপিএম বিধায়ক প্রদীপ সাহা সরকারি একটি পাঠ্য পুস্তক অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘ইতিহাস ও ঐতিহ্য’ নামে বইয়ের ১১২ নম্বর পৃষ্ঠায় ‘বিপ্লবী-সন্ত্রাসবাদ’ অধ্যায়ে শহিদ ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে। প্রদীপবাবু প্রশ্ন তোলেন, কীভাবে সরকারি বইতে এই তথ্য থাকতে পারে। তিনি অবিলম্বে এই তথ্য সংশোধনের দাবি জানান। কংগ্রেসের অসিত মিত্রও সিপিএম বিধায়ককে সমর্থন করেন এব্যাপারে।
জবাবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্বীকার করে নেন এমন ভুল ‘অত্যন্ত দুঃখের’। তিনি বলেন, দফতরের বিশেষজ্ঞ কমিটিকে জানানো সত্ত্বেও সংশোধন করা হয়নি। তাঁরা কী করে এই রকম অনুমোদন দিলেন সেই প্রশ্ন তোলেন খোদ শিক্ষামন্ত্রী। এরপর তিনি জানান, তৃণমূল বিধায়ক তথা ইতিহাসের প্রাক্তন অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি তৈরি করা হবে। কয়েকজন শিক্ষাবিদ এবং প্রধান শিক্ষক থাকবেন কমিটিতে। বইয়ের লেখা চূড়ান্ত করার আগে এই কমিটি দেখে নেবে। তিন মাসের মধ্যে ওঁরা এই ব্যাপারে একটা রিপোর্ট দেবেন বলে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।
যদিও পরে সাংবাদিক বৈঠকে প্রদীপ সাহা বলেন, গত ৪ জুলাই শিক্ষা বাজেটের দিন এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। কিন্তু তখন শিক্ষামন্ত্রী তা মানতে চাননি। তবে মঙ্গলবার ভুল শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: যদি চান আচ্ছে দিন, পদ্মের পাপড়ি ছেঁটে দিন; আলিপুরদুয়ারে গিয়ে ফের হুঙ্কার অভিষেকের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal