Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

আগামী দেড় মাস বাঁকুড়ায় ঢোকা বন্ধ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের, তবে গ্রেফতারিতে স্থগিতাদেশ হাইকোর্টের

সৌমিত্র খাঁ একান্তই প্রচারে নামতে না পারলে তাঁর পরিবারের সদস্যদের নামানোর পরিকল্পনা বিজেপির

আগামী দেড় মাস বাঁকুড়ায় ঢোকা বন্ধ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের, তবে গ্রেফতারিতে স্থগিতাদেশ হাইকোর্টের

সদ্য তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছেন বিজেপিতে। বিষ্ণুপুর থেকে বিজেপি প্রার্থীও করেছে তাঁকে। কিন্তু জোরকদমে প্রচারে নামার আগেই থেমে গেল সব। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত বাঁকুড়া জেলায় ঢোকাই নিষিদ্ধ হয়ে গেল বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের। তবে তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন: ভোটের ৪৮ ঘণ্টা আগে পুলিশ কর্তা অপসারণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের

বেআইনি বালিখাদান, এসএসসি পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগ সহ মোট চারটি মামলা রুজু হয় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। বিষ্ণুপুর ও পাত্রসায়রে বেআইনি বালিখাদান চালানোর মামলায় আগাম জামিন পেয়েছেন বিজেপি প্রার্থী। কিন্তু বড়জোড়া ও বাঁকুড়ায় দায়ের হওয়া স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের টাকা নিয়ে পাশ করিয়ে দেওয়ার মামলায় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আপাতত বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না সৌমিত্র খাঁ। তবে তাঁকে আগামী ছ’ সপ্তাহ গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সরকারি পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বৃহত্তর চক্রান্তের কথা বলা হচ্ছে, তার যথাযথ তদন্ত হওয়া দরকার। এদিন সৌমিত্র খাঁয়ের আইনজীবীরা হাইকোর্টকে জানান, যে সময়ে এসএসসি প্রার্থীরা টাকা দিয়েছেন বলে দাবি করছেন, তার আগেই এসএসসি পরীক্ষার ফল বেরিয়ে গিয়েছিল। পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পর কেউ কীভাবে পরীক্ষায় পাশ করার জন্য টাকা দিতে পারে? এই প্রসঙ্গে যে এফআইআর হয়েছে, তার বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে, বলেও আদালতে সওয়াল করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর আইনজীবীরা। ডিভিশন বেঞ্চ জানায়, যদি ধরেও নেওয়া হয়, অভিযুক্ত ওই পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাহলেও প্রশ্ন থেকে যায়, তাতে এসএসসি’র কেউ জড়িত আছেন কিনা। তার আরও একটি কারণ হল, পুলিশই ‘লার্জার কনস্পিরেসি অ্যাঙ্গেল’-এর কথা বলছে। যদি বৃহত্তর চক্রান্তই হয়ে থাকে, তাহলে কেন তদন্তকারীরা এসএসসি’র কাউকে জিজ্ঞাসাবাদ করছে না?
এরপরেই হাইকোর্ট নির্দেশ দেয় আপাতত বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না সৌমিত্র খাঁ। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে। হাইকোর্টের এই নির্দেশের জেরে লোকসভা ভোটের প্রচার কীভাবে সারবেন সৌমিত্র খাঁ, তা নিয়ে চিন্তায় বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, একান্তই যদি সৌমিত্র প্রচারে নামতে না পারেন, তাহলে তাঁর পরিবারের সদস্যরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির কথা জানাবেন মানুষকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal