Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল সিবিআইঃ রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, শিলংয়ে সিবিআই কথা বলবে সিপির সঙ্গে

পরবর্তী শুনানি আগামী ২০ শে ফেব্রুয়ারি, আদাল ডাকল মুখ্য সচিব, ডিজি, সিপিকে

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল সিবিআইঃ রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না, শিলংয়ে সিবিআই কথা বলবে সিপির সঙ্গে

কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে বেনজির সিবিআই হানার ঘটনায় রাজ্য বনাম কেন্দ্র মামলায় সুপ্রিম কোর্টে প্রাথমিকভাবে ধাক্কা খেল সিবিআই। সুপ্রিম কোর্ট জানাল, রাজীব কুমারকে সিবিআই-এর মুখোমুখি হতে হবে, তবে নিরপেক্ষ কোনও জায়গায়। কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানাল, আগামী ২০ শে ফেব্রুয়ারি আদালতে হাজির হতে হবে রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের ডিজি এবং রাজীব কুমারকে। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সিবিআই, তার জবাব দিতে হবে। আদালত জানিয়েছে, না কলকাতা, না দিল্লি, নিরপেক্ষ জায়গা শিলংয়ে রাজীব কুমারের সঙ্গে কথা বলতে হবে সিবিআইকে।
এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্তা, বিচারপতি সঞ্জয় খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়।
সুপ্রিম কোর্টের এই রায়ে প্রাথমিকভাবে জয় দেখছে কলকাতা পুলিশ এবং রাজ্য। কারণ, সিবিআই-এর নোটিসের পরিপ্রেক্ষিতে রাজীব কুমার একাধিকবার চিঠি দিয়েছেন সিবিআইকে। তিনি নিরপেক্ষ জায়গায় সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিরপেক্ষ জায়গা শিলংয়ে রাজীব কুমার সিবিআই-এর মুখোমুখি হবেন।
এর আগে সোমবার সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। এদিন ফের দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানান, সারদা-নারদা তদন্তে পশ্চিমবঙ্গ সরকার যে সিট গঠন করেছিল তার মাথায় ছিলেন রাজীব কুমার। বারবার তাঁকে নোটিস পাঠানো হয়েছে এই মামলার ব্যাপারে সাহায্য করছেন না। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। রাজ্য সরকারের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি পালটা জানান, পুলিশ কমিশনার এবং সিট ইতিমধ্যেই সিবিআইকে সহায়তা করেছেন। যা তথ্য তাঁদের কাছে ছিল তা তাঁরা ইতিমধ্যেই সিবিআইকে দিয়েছেন। এটা তদন্তে সহায়তায় প্রশ্ন নয়, এটা পুলিশ কমিশনারকে হয়রানি।
অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, সিবিআই অফিসারদের নোটিস দিয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। রাজীব কুমারের বিরুদ্ধে এফআইআর নেই, তাঁকে হয়রান করা হচ্ছে।

আরও পড়ুন: পরিবহণের চাপ কমাতে সোমবার ফেয়ারলি প্লেস থেকে চালু ফেরি সার্ভিস, ৭ টি রুটে লঞ্চ পরিষেবা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal