হিন্দুস্তান ইউনিলিভারের পণ্যের নতুন বিজ্ঞাপনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। নেটিজেনদের একাংশের দাবি, হিন্দুস্তান ইউনিলিভারের ‘সার্ফ এক্সেল’-এর বিজ্ঞাপনে ‘লাভ জেহাদ’ প্রচার করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট বিজ্ঞাপনটিকেই শুধু বাতিল করা নয়, সার্ফ এক্সেল ব্র্যান্ডটিকেও নিষিদ্ধ করার জন্য অভিযান শুরু করেছেন ভার্চুয়াল মিডিয়ায়। উল্টোদিকে নেটিজেনদের আর একটি দল এই বিজ্ঞাপনের ভূয়সী প্রশংসা করছেন। যাঁর মধ্যে রয়েছেন মেহেবুবা মুফতির মতো রাজনৈতিক ব্যক্তিত্বও।
কিন্তু কী এমন রয়েছে এই বিজ্ঞাপনী ভিডিওতে?
হোলিকে সামনে রেখে সার্ফ এক্সেল ‘#রঙ লায়ে সঙ’ নামে একটি বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ করেছে। গত ২৭ শে ফেব্রুয়ারি প্রকাশিত ভিডিওটিতে দেখানো হয়েছে, একটি বাচ্চা মেয়ে হোলির দিন পাড়ার বন্ধুদের চ্যালেঞ্জ করছে তাঁকে রঙ মাখানোর জন্য। বন্ধুরাও ছাদ থেকে বেলুন আর পিচকারি দিয়ে ছোট্ট বান্ধবীকে রাঙিয়ে দেয়। একসময় রঙ শেষ হয়ে যায়। এরপরেই ছোট্ট মেয়েটি তার মুসলিম বন্ধুকে অভয় দেয় বাড়ি থেকে বেরিয়ে আসতে। মুসলিম বন্ধুটি যাবে মসজিদে নামাজ পড়তে। মসজিদে পরিষ্কার পোশাক পরে যাওয়াটাই দস্তুর। কিন্তু সে ভয় পাচ্ছিল মসজিদে যাবার সময় বন্ধুরা যদি রঙ মাখিয়ে দেয়! বান্ধবীর কথায় নিশ্চিন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে সে। ছোট্ট বান্ধবী নিজের সাইকেলে মুসলিম বন্ধুটিকে মসজিদ পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। ছেলেটি বান্ধবীকে জানায়, সে নামাজ পড়েই ফিরে আসছে। মেয়েটি জানায়, তারপরেই রঙ পড়বে তাঁর গায়ে! ছেলেটি প্রত্যুত্তরে হেসে মসজিদে ঢুকে যায়। এরপরেই সার্ফ এক্সেলের ট্যাগলাইন, ”দাগ আচ্ছে হ্যায়”।
বিজ্ঞাপনটির মাধ্যমে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তা দেওয়া হয়েছে তা মন জয় করে নিয়েছে বহু দর্শকের। ধর্মীয় মেরুকরণ সরিয়ে, দুই খুদের বন্ধুত্বের মাধ্যমে যে কোনও ধর্মীয় অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ উদযাপনের বার্তা রয়েছে বিজ্ঞাপনটিতে, বলে মনে করছেন বিজ্ঞাপনী বিশেষজ্ঞরা। মাত্র এক সপ্তাহ আগে ‘ইউটিউবে’ আপলোড হওয়া ভিডিওটি ইতিমধ্যেই ৮.৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।
কিন্তু অনেকেই একে ‘লাভ জেহাদ’–এর তকমা দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় #বয়কট সার্ফ এক্সেল নামে প্রচার চলছে। সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্ক।
ভিডিওটির প্রশংসা করে অনেকেই ‘অতি হিন্দুত্ববাদী’ মনোভাবের কড়া নিন্দা করছেন। এই প্রেক্ষিতেই পিডিপি নেত্রী মেহেবুবা মুফতির ট্যুইট, ‘আমার কাছে একটি ভালো উপায় আছে, ‘ভক্তদের’ সার্ফ এক্সেল দিয়ে ভালো করে কেচে নিতে হবে। কারণ, সার্ফের ধোলাই ‘দাগ’কে করে ‘সাফ’!‘
দাগ ধোয়ার বিজ্ঞাপনে ভাগ সোশ্যাল মিডিয়া!
একটি বিজ্ঞাপনী ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Editor's choice