Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
25 July 2026

মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচারের ঝড় তৃণমূল সমর্থকদের

দেশ কি পেতে চলেছে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী?

মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচারের ঝড় তৃণমূল সমর্থকদের

দেশের ইতিহাসে কি প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তা জানা যাবে ২৩ শে মে, ভোটের ফল বেরোনোর পর। কিন্তু তাঁকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা।

মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ফেসবুক ফ্যান পেজ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস- এআইটিসি সাপোর্টার্স, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য প্রচার শুরু করল। শনিবার ওই ফেসবুক পেজে একাধিক পোস্ট করা হয়, যেখানে মমতাকে বিপুল ভোটে জিতিয়ে প্রধানমন্ত্রী করার পথ সহজ করার জন্য আবেদন করা হচ্ছে রাজ্যবাসীকে।
‘বলছে দেশের জনতা, প্রধানমন্ত্রী মমতা’ বা ‘কেন্দ্রে এবার, মমতা সরকার কোনো শক্তি নেই রোখার’ ইত্যাদি একাধিক স্লোগান পোস্ট করা হচ্ছে তৃণমূলের এই ফ্যান পেজে। পোস্টগুলির সঙ্গে যে ছবি ‘অ্যাটাচ’ করা হচ্ছে তাতে ‘ইন্ডিয়া উইথ দিদি’ বা দিদির সঙ্গে ভারত লেখা লোগোও দেখা যাচ্ছে।
গত ১ লা জানুয়ারি তৃণমূলের ২১তম প্রতিষ্ঠা দিবসে একটি ভিডিও মেসেজে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন। ২০১৯ সালকে ‘ইয়ার অব চেঞ্জ’ বলেও উল্লেখ করেছিলেন তিনি। কিছুদিন আগে বাঁকুড়ার সভা থেকেও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক আবেদন করেছিলেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ‘দিল্লি চলো’ স্লোগানের আশি বছর পর বাংলার এক ‘অগ্নিকন্যা’ ফের একবার দিল্লি চলোর ডাক দিচ্ছেন। সেই দাবিকে সামনে রেখে এবার সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে প্রচার।

সম্প্রতি ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া সমাবেশে প্রায় সমস্ত বিরোধী নেতাদের একমঞ্চে আনা থেকে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ, অন্যান্য বিরোধী নেতার চেয়ে যে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে মমতা বেশ অনেকটাই এগিয়ে, তা মানছেন অন্যান্য বিরোধী নেতারাও। একাধিক বিরোধী দলের নেতা, তাদের নেত্রী হিসেবে মমতাকে প্রকাশ্যে সমর্থনও জানিয়েছেন। বিরোধী নেতা-নেত্রীদের মধ্যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তাই ভোটের পর বিরোধীদের কাছে সরকার তৈরির পরিস্থিতি তৈরি হলে মমতাই অটোম্যাটিক চয়েজ, দাবি তৃণমূলের। এই প্রেক্ষিতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভার্চুয়াল মিডিয়ায় প্রচার শুরু করে দিলেন তাঁর সমর্থকেরা।

আরও পড়ুন: দু’দিনের ভারত বনধে স্বাভাবিক থাকবে বাংলা, ছুটি বাতিল রাজ্য সরকারের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal