Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

বাবা একাই তছনচ করে দিল তৃণমূলকে, বিস্ফোরক মুকুল পুত্র শুভ্রাংশু! বললেন, দল কি আমাকে বিশ্বাস করে

ভোটের ফল বেরোতেই মুখ খুললেন মুকুল রায় পুত্র শুভ্রাংশু

বাবা একাই তছনচ করে দিল তৃণমূলকে, বিস্ফোরক মুকুল পুত্র শুভ্রাংশু! বললেন, দল কি আমাকে বিশ্বাস করে

লোকসভা ভোটের ফল বেরোতেই বাবা মুকুল রায়ের বন্দনা করে কি তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলেন পুত্র শুভ্রাংশু রায়। যদিও নিজের মুখে বললেন, এখনই দল ছাড়ছি না।
নিজের সমর্থকদের মুখে মুকুল রায় জিন্দাবাদ, শুভ্রাংশু রায় জিন্দাবাদ, শুনতে শুনতেই বললেন, বীজপুর তৃণমূলকে লিড দেবে বলেছিলাম, পারিনি। মুকুল পুত্রের স্বীকারোক্তি, বাবার কাছে হেরে গিয়েছে ছেলে। পাশাপাশি জানাতে ভুললেন না, বাবার সঙ্গে কথা বলেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন তিনি। তবে তিনি যে এখনও দলের ‘অনুগত’ সৈনিক তা বোঝাতে পালটা প্রশ্ন করলেন, দল কি আমায় বিশ্বাস করে?
মুকুল রায় বিজেপিতে যোগদানের পর থেকেই শুভ্রাংশু রায়কে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরে। তিনি কবে বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্ন একাধিকবার শোনা গিয়েছে তৃণমূলেরই নেতা-মন্ত্রীদের মুখে। কিন্তু কখনও বিধানসভার করিডোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে, আবার কখনও প্রকাশ্য জনসভায় তৃণমূলের হয়ে সওয়াল করে বিজেপিতে যোগদানের প্রশ্ন উড়িয়েছেন বীজপুরের তৃণমূল বিধায়ক।
এবার ভোটের আগে মুকুল পুত্রের ঘোষণা ছিল, বারাকপুরের প্রার্থী দীনেশ ত্রিবেদীকে সর্বোচ্চ লিড দেবে বীজপুরই। ফল বেরোলে দেখা যায়, তা হয়নি। তৃণমূলের একাংশে গুঞ্জন, বীজপুরের ভোটাররা আসলে ‘লিড’ দিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুনকে। সেই গুঞ্জন আলোচনা হয়ে ওঠার আগেই শুক্তবার মুকুল রায়ের ভূয়সী প্রশংসা করলেন তাঁর ছেলে শুভ্রাংশু। বললেন, বাবা, মুকুল রায় একাই তছনচ করে দিলেন তৃণমূলকে।
শুক্রবারই বারাকপুরের সাংসদ অর্জুন সিংহ দাবি করেছেন, অন্তত ১০০ তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। সময় বুঝে সবাই বিজেপিতে যোগ দেবেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে এল শুভ্রাংশুর এই বক্তব্য। মুখে বিজেপিতে যাওয়ার কথা না বললেও শুভ্রাংশুর হাবেভাবে স্পষ্ট, তা হয়তো কেবল সময়ের অপেক্ষা। এবার তাঁর বিজেপিতে অন্তর্ভুক্তি কবে হয়, পাশাপাশি বীজপুরে সংগঠন ধরে রাখতে তৃণমূল পাল্টা কী কৌশল নেয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: পুরভোটের গণনা ২ মার্চ, তাই পিছিয়ে গেল রাজ্য বাজেট অধিবেশন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal